ইজিবাইক চলাচল বন্ধ করলেন আ.লীগ নেতা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাধায় বাজরা-কুলিয়ারচর সড়ক দিয়ে গত রোববার থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। উপজেলার রামদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চাঁদা হিসেবে প্রতিদিন গাড়িপ্রতি ১৫ টাকার পরিবর্তে ৫০ টাকা দাবি করে না পেয়ে এ কাজ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে ইজিবাইকের চালকেরা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
কয়েকজন চালক জানান, বাজরা-কুলিয়ারচর সড়কের দূরত্ব পাঁচ কিলোমিটার। এই সড়ক দিয়ে ছয় বছর ধরে ইজিবাইক চলাচল করছে। শুরুতে কাউকে চাঁদা দিতে হয়নি। দুই বছর আগে মেজবাহ চালকদের ডেকে জানিয়ে দেন, এই সড়ক ব্যবহার করতে হলে প্রতিদিন গাড়িপ্রতি তাঁকে ১০ টাকা করে দিতে হবে। ছয় মাস যেতে না যেতেই চাঁদার পরিমাণ বাড়িয়ে ২০ টাকা করা হয়। পরে ১৫ টাকা নির্ধারণ হয়। তাঁর ভাতিজা সোহাগ মিয়া এ বিষয়ে চালকদের সঙ্গে সমন্বয় করতেন।
চালকেরা আরও জানান, এক সপ্তাহ আগে চালকদের আবার তলব করেন মেজবাহ। এবারের দাবি ঈদ বোনাস। এ জন্য ঈদ পর্যন্ত ৫০ টাকা করে দিতে বলা হয়। কিন্তু তাঁরা রাজি হননি। পরে ক্ষুব্ধ মেজবাহ উদ্দিনের অনুসারীরা চালকদের মারধর করে পাঁচ দিন ধরে (রোববার থেকে) গাড়ি চলতে দিচ্ছেন না। মেজবাহর অনুসারীদের হামলায় চালক উজ্জ্বল মিয়া ও জসীম মিয়া আহত হয়েছেন।
চালকদের নেতা হবি মিয়া প্রথম আলোকে বলেন, ‘দেড় বছর ধরে মেজবাহকে প্রতিদিন নীরবে চাঁদা দিয়ে গেছি। এখন আবার ঈদ বোনাস চান। ঈদ বোনাস দিতে হলে আমরার আর ঈদ থাকে না।’
অভিযোগ অস্বীকার করে মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চাঁদাই নিইনি, ঈদ বোনাস চাইব কেন?’ তিনি দাবি করেন, এখন যা হচ্ছে, তার সবই ষড়যন্ত্র।
চালকদের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ইউএনও রেজাউল আলম বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।