ইজিবাইক চলার অনুমতির দাবিতে সমাবেশের মঞ্চ ভেঙে দিল পুলিশ
নারায়ণগঞ্জ নগরে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) প্রবেশের অনুমতি দেওয়ার দাবিতে গতকাল শনিবার ‘অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি’ আয়োজিত সমাবেশের মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। পরে ট্রাকে মঞ্চ তৈরি করে একই এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশে ব্যাটারিচালিত অটোরিকশা নগরে প্রবেশের অনুমতি ও এই গাড়িকে বৈধতা দেওয়ার দাবি জানানো হয়।সূত্র জানায়, যানজট নিয়ন্ত্রণের জন্য গত রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে নারায়ণগঞ্জ নগরে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি’ গতকাল বিকেলে নগরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালের সামনে অনুমতি ছাড়া মঞ্চ তৈরি করে সমাবেশের আয়োজন করলে তাতে বাধা দেওয়া হয়। হাসপাতালের সামনের সড়কে মাইক বাজিয়ে সমাবেশ করলে হাসপাতালের রোগীদের দুর্ভোগের সৃষ্টি হবে। এ কারণে সেখানে তৈরি করা মঞ্চ ভেঙে ফেলা হয়। অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি কাউসার আহমেঞ্চদ বলেন, বিকেলে সমাবেশের মঞ্চ পুলিশ ভেঙে দেয়। পরে খালি ট্রাকে ব্যানার লাগিয়ে সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত অটোরিকশা নগরে প্রবেশের অনুমতি ও সেই সঙ্গে এই যানকে বৈধতা দেওয়ার দাবি জানান।