ইজিবাইক চালককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে রাসেল শেখ (২০) নামে এক ইজিবাইকচালককে অপহরণের পর কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর গ্রামের মাঠে তামাকখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রাসেল সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের ওহিদুল শেখের ছেলে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপের, মুখমণ্ডলসহ শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানান, সকাল আটটার দিকে উদয়পুর গ্রামের মাঠে তামাকখেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী জানিয়েছেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে রাসেলের মৃত্যু নিশ্চিত করেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার মৈত্র জানান, গত সোমবার সকাল নয়টার দিকে ভাড়ায় চালানোর জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রাসেল। সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। রাতে আর বাড়ি ফেরেননি। ইজিবাইকের ব্যাটারি ও গাড়ি নেওয়ার জন্য দুর্বৃত্তরা তাঁকে অপহরণের পর হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা।
রাসেলের ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ। তবে ব্যাটারিবিহীন অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।