ইজিবাইক ছেড়ে দিনমজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসার চালাতে ঠাকুরগাঁও শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী পারাপার শুরু করেন আমির আলী। ১৮ দলের টানা অবরোধের কারণে এখন অটোরিকশাও চালাতে পারছেন না তিনি। হরতাল-অবরোধের আগে সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী টেনে ৫০০ থেকে ৬০০ টাকা হাতে থাকত তাঁর। অটোরিকশা চালাতে না পেরে সংসার চালানোর জন্য তিনি এখন দিনমজুরের কাজ করছেন।
হরতাল-অবরোধের কারণে আমিরের মতো অটোরিকশাচালকসহ পরিবহন শ্রমিকদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। কেউ কেউ সংসার সচল রাখতে বেছে নিয়েছেন বিকল্প আয়ের পথ। এতে ঠাকুরগাঁও শহরের শ্রমবাজারে বেড়ে গেছে কাজের খোঁজে আসা মজুরের ভিড়। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড় ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সকালে রোজ হাজিরার শ্রমিক পাওয়া যায়।
শনিবার সকালে চৌরাস্তা মোড়ে গিয়ে দেখা যায়, বাইসাইকেল নিয়ে একের পর এক আসছেন নানা বয়সের মানুষ। তাঁদের অনেকের বাইসাইকেলে বাঁধা কোদাল, বাঁশের টুকরি ও চটের থলে। সে সময় সদর উপজেলার ভাতগাঁও গ্রামের জগেশ্বর রায় নামের এক দিনমজুর জানান, এখানে নিয়মিত ৬০ থেকে ৭০ জন শ্রমিক কাজের খোঁজে ভিড় করেন। অবরোধ শুরুর পর থেকে ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। এখন ৮০ থেকে ৯০ জন দিনমজুর কাজের খোঁজে এখানে আসছেন। অভিজ্ঞতা না থাকায় নতুন আসা মজুরেরা খুব একটা কাজ পাচ্ছেন না।
জগেশ্বরের সঙ্গে কথা বলার সময় সড়কের পাশের দোকানের সিঁড়িতে বসে ছিলেন এক ব্যক্তি। তাঁর দিকে তাকাতেই তিনি মুখটা আড়াল করার চেষ্টা করলেন। কাছে যেতেই স্পষ্ট হয়ে ওঠে শহরের পরিচিত এক ইজিবাইক চালকের মুখ। পরে পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘অবরোধের কারণে রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না। পেট তো আর অবরোধ মানে না। তাই একটা কাজের খোঁজে এখানে এসেছি। কিন্তু এখানে নতুন আসা মজুরদের মহাজনরা কাজে নিতে চাচ্ছেন না। সংসারের কথা ভেবে খারাপ লাগছে।’
পরিবহনশ্রমিক রবিউল আলম বলেন, ‘বাড়ির একটি ছাগল কম দামে বিক্রি করে বাজার খরচ চালিয়েছি। এই টাকা দিয়ে চলবে তিন থেকে চার দিন। অবরোধ বন্ধ না হলে জানি না এরপর কী হবে!’ আমির আলী বলেন, ‘অবরোধে সবচেয়ে বেশি ক্ষতি হয় শ্রমিকদের। গাড়ি চালাতে পারলে আমাদের আয় হয়। আবার ভাঙচুর ও আগুনের ভয়ে গাড়ি বেরও করা যায় না। এর মধ্যেই জমানো টাকা সংসারের পেছনে শেষ করে ফেলেছি। এখন ধার-দেনাও পাচ্ছি না। তাই ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে মজুরের কাজ বেছে নিয়েছি। কিন্তু এখানে নতুন এসেছি শুনে অনেকেই আমাদের কাজে নিতে চান না।’ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, হরতাল-অবরোধের কারণে অনেক পরিবহনশ্রমিকের কোনো কাজ নেই। টানা অবরোধের কারণে অনেকেরই হাত এখন একেবারেই শূন্য। পেটে ভাত না থাকলে তাঁরা অসামাজিক কাজে জড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন।