ইজিবাইক ট্রাকের নিচে, কিন্তু বেঁচে গেলেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয় ইজিবাইককে। এটি দুমড়ে-মুচড়ে চলে যায় ট্রাকের নিচে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করেন, আরোহীরা হয়তো কেউ বেঁচে নেই। পরে ট্রাক উঁচু করে নিচ থেকে তাঁদের উদ্ধারের পর দেখা যায়, সবাই বেঁচে আছেন। তবে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ শহরের কলেজ মোড় এলাকায়। আহতরা হলেন মকবুল হোসেনের ছেলে মুলকচান (৪৫), অনামিকা (১৫), বিলকিস খাতুন (২০) ও সরজিত পাল (৫০)। আহতদের কালীগঞ্জ ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা আড়াইটায় তিনজন যাত্রী নিয়ে ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জের উদ্দেশে একটি ইজিবাইক রওনা দেয়। কলেজ মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে বাইকে থাকা যাত্রীরা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু কোনোভাবেই তাঁদের বের করা সম্ভব হচ্ছিল না। কিছু সময় পর থেমে যায় তাঁদের চিৎকার। যন্ত্রের সাহায্যে ট্রাকটি উঁচু করে নিচ থেকে বের করা হয় তাঁদের। এতে সময় লেগে যায় প্রায় ৪৫ মিনিট। বের করার পর দেখা যায়, তাঁরা সবাই বেঁচে আছেন।