ইজিবাইক নিয়ে ‘বিজি’ রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আগে হঠাৎ করেই ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি প্রচার-প্রচারণা। নগরে ছড়ানো হচ্ছে লিফলেট।রাজশাহী মহানগর অটোরিকশা ও ইজিবাইক সমিতির নেতারা বলছেন, সম্মিলিত নাগরিক ফোরাম ও ১৮ দলের প্রার্থী মোসাদ্দেক হোসেন নির্বাচিত হলে নগরে কোনো ইজিবাইক থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। কাজেই তাঁকে ভোট দেওয়া যাবে না।তবে মোসাদ্দেক হোসেন দাবি করেছেন, তিনি এমন কোনো কথা বলেননি। ইজিবাইকের বিষয়টি প্রথম আলোচনায় আসে নগরে আয়োজিত একটি নির্বাচনী সংলাপে। ওই সংলাপের পর অটোরিকশা শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেন। তাঁরা একটি সমাবেশও আহ্বান করেন। নির্বাচনের কারণে তাঁরা সমাবেশের কোনো অনুমতি পাননি। তবে তাঁরা নগরে চালকদের মাঝে লিফলেট বিতরণ শুরু করেন। সমিতির সভাপতি রাশেদুজ্জামান বলেন, ‘নগরে সাত হাজার অটোরিকশা রয়েছে। আমাদের পরিবার-পরিজন মিলিয়ে অন্তত ৩০ হাজার ভোট রয়েছে। কিন্তু সেসব কথা চিন্তা না করে নগরে আয়োজিত একটি নির্বাচনী সংলাপে মোসাদ্দেক হোসেন ঘোষণা দিয়েছেন, শহরে তিনি টাউন সার্ভিস নামাবেন। কোনো অটোরিকশা থাকবে না। তাঁর এ ঘোষণা আমাদের ক্ষুব্ধ করেছে। কেউ আমাদের রুজি-রোজগার বন্ধ করে দেবেন, সেটি আমরা মানতে পারব না।’বিএনপি-সমর্থক প্রার্থী মোসাদ্দেক হোসেনের ঘনিষ্ঠ লোকজন জানিয়েছেন, অটোরিকশা ও ইজিবাইক সমিতির নেতাদের বিক্ষোভের বিষয়টি জানতে পেরে তাঁরা এ সমস্যা সমাধানের চেষ্টা শুরু করেন। এ জন্য তাঁরাও ফের একটি লিফলেট ছড়ান।সমিতির নামে ছড়ানো ওই লিফলেটে চালকদের উদ্দেশে বলা হয়, ‘আপনারা গুজবে কান দেবেন না। মোসাদ্দেক হোসেন নির্বাচিত হলে নগরের সব অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স ফি কমানো হবে। কোনো অটোরিকশা ও ইজিবাইক বন্ধ হবে না। মালিকদের কাছে থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে।’ চালকদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হলেও সভাপতি রাশেদুজ্জামান দাবি করেছেন, ‘আমাদের সমিতি একটাই। আমরা কোনো লিফলেট ছাড়িনি। এটি ভুয়া লিফলেট। যুবদলের লোকজন এ লিফলেট ছড়িয়েছে।’অটোরিকশা নিয়ে অবস্থান জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমি বলেছি নগরে টাউন সার্ভিস চালু করব। কিন্তু আমি বলিনি অটোরিকশা ও ইজিবাইক বন্ধ হবে। আমি আসলে টাউন সার্ভিস ও অটোরিকশা দুটোই রাখার পক্ষে।’ অযান্ত্রিক হিসেবে নগর ভবন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে অটোরিকশা ও ইজিবাইক চলে। তবে বিআরটিএ বলছে, এটি যান্ত্রিক যান। কাজেই সিটি করপোরেশন লাইসেন্স দিতে পারে না। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কয়েক দফায় বৈঠকও হয়। তবে এ সমস্যার এখনো কোনো সুরাহা হয়নি।