ইজিবাইক বন্ধের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
কুমিল্লা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকেরা। একই দাবিতে কুমিল্লা জেলা প্রশাসককেও স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে কয়েক শ শ্রমিক ও মালিক মানববন্ধনে অংশ নেন। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক আবুল হাশেম খন্দকার, যুগ্ম আহ্বায়ক আলী আজগর, আবদুল মোমেন, আবদুল মান্নান ও শাহ আলম। আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি শেষে মালিক-শ্রমিকেরা মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তাঁরা জেলা প্রশাসকের কাছে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণের পর মালিক-শ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসনে শহরের প্রধান সড়কগুলোতে ইজিবাইক চলাচল বন্ধের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তিনি বলেন, এর পরও শ্রমিকদের অসুবিধার কথা বিবেচনা করে প্রধান সড়কগুলো বাদ দিয়ে সংযোগ সড়কগুলোতে ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।