কুমিল্লার বিশিষ্ট নাগরিকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ইজিবাইককে নীতিমালার মধ্যে আনতে হবে। অনুমোদনহীনভাবে নগরে ইজিবাইক চলায় যানজট বেড়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের অপচয়ও হচ্ছে। তাই ইজিবাইক চলাচলের ক্ষেত্রে নীতিমালা করতে হবে।গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বিশিষ্টজনেরা ওই বিবৃতি দেন। বিবৃতিদাতারা হলেন—সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরী ও সম্পাদক আলী আকবর মাসুম, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, একই সংগঠনের সাবেক আহ্বায়ক বদরুল হুদা ও কুমিল্লা সিটি করপোরেশনের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর জমির উদ্দিন খান। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ৯ নম্বর পৃষ্ঠায় ‘অনুমোদনহীন ইজিবাইক থেকে কোটি টাকা চাঁদাবাজি’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশিষ্টজনেরা ওই বিবৃতি দেন।