ইজিবাইকগুলো ছেড়েছেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলোআপ
ফলোআপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ ছাত্রাবাসের ছাত্রলীগের কর্মীরা আটক করা ১৪টি ব্যাটারিচালিত ইজিবাইক ছেড়ে দিয়েছেন। তবে এর আগে তাঁরা চালকদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন চালকেরা।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলছেন, তাঁরা কোনো চাঁদা আদায় করেননি, বরং লালবাগ থানা যুবলীগের সাবেক নেতা আনু তাঁদের নাম করে ওই চালকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছেন। হলের সহকারী ওয়ার্ডেন নাজির হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাতেই গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মধ্যস্থতা করেছেন। চাঁদার বিষয়ে আমি কিছু জানি না।’
হলের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী ও কয়েকজন চালক প্রথম আলোকে বলেন, দুই কিস্তিতে চাঁদা দিয়ে তাঁরা গাড়ি নিয়ে গেছেন। রাত সাড়ে ১২ হাজার টাকা দেওয়ার পর সন্তুষ্ট না হলে সকালে আরও সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয়।
ছাত্রলীগের কর্মী সাগর হোসেন দাবি করেছেন, কোনো অর্থই তাঁরা নেননি। লালবাগ থানা যুবলীগের সাবেক নেতা আনু তাঁদের কথা বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন। এখন চালকেরা মনে করছেন, তাঁরাই টাকা নিয়েছেন। সহকারী প্রক্টর আমজাদ আলী বলেন, ঘটনাটি জানার পর ইজিবাইকগুলো পুলিশের জিম্মায় দিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশে দেওয়ার কথা শুনে চালকেরা এসে অনুরোধ করায় ছাত্ররা তাঁদেরকেই সেগুলো ফিরিয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার শাহ নেওয়াজ হলের ছাত্রলীগের কর্মীরা নিউমার্কেট-কামরাঙ্গীরচর রুটে চলাচল করা ১৪টি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেন। গতকাল প্রথম আলোয় ‘ইজিবাইক আটকে চাঁদা চান ছাত্রলীগ কর্মীরা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।