ইজিবাইকচালকের লাশ উদ্ধার, সংঘর্ষে ভ্যানচালক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে গতকাল রোববার খোকন কুমার দাস (৩০) নামের এক ইজিবাইকচালকের পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রিয়াবুল ইসলাম (২৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের শ্যামপদ দাসের ছেলে খোকন দাস চার দিন নিখোঁজ ছিলেন। গতকাল সকালে তাঁর লাশ পাওয়া যায় একই উপজেলার মোল্লাকুয়া গ্রামের একটি আখখেতে।
পারিবারিক সূত্র জানায়, খোকন দাস ইজিবাইক নিয়ে গত বুধবার বিকেলে বেরোনোর পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল সকাল নয়টার দিকে মোল্লাকোয়া গ্রামের আখখেতে মুখ বাঁধা অবস্থায় একটি পচন ধরা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। প্রতিবেশী সুদেব কুমার লাশটি নিখোঁজ খোকন দাসের বলে শনাক্ত করেন।
কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম বলেন, ইজিবাইক ছিনতাই করতেই খোকন দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ইজিবাইকটি পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মাগুরায় নিহত ভ্যানচালক রিয়াবুল ইসলামের বাড়ি শ্রীপুর উপজেলার রাজাপুর চরপাড়া গ্রামে। তাঁর বাবার নাম জামাল শেখ।
মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় মুঠোফোনে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাজাপুর চরপাড়া গ্রামের আওয়ামী লীগের কর্মী শফি মোল্লা ও চাঁদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শফি মোল্লার সমর্থক বাদশা মিয়ার বাড়িতে গতকাল রাতে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার জেরে শফি মোল্লার পক্ষের লোকজন গতকাল ভোের প্রতিপক্ষ চাঁদ আলীর লোকজনের বাড়িতে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় রিয়াবুল বুকে সড়কি বিদ্ধ হয়ে নিহত হন।