ইজিবাইকচালকের লাশ মিলল ২৪ ঘণ্টা পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ২৪ ঘণ্টা পর পাওয়া গেল ঝিনাইদহের শৈলকুপার ইজিবাইকচালক ইলিয়াস আলীর (২৬) লাশ। গতকাল বুধবার বিকেলে একটি ধানখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে গেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। ইলিয়াস আলী উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখরা-গোপালপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে ইলিয়াস তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই সাদ্দাম হোসেন। বিকেলে গোবিন্দপুর জিকে খালের ধারে একটি ধানখেতে এলাকার লোকজন একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও পরিবারের লোকজন এসে নিশ্চিত হন এটা ইলিয়াসের লাশ।
সাদ্দাম হোসেন জানান, তিনজন যাত্রী নিয়ে ভাটই বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন ইলিয়াস। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। রাত ১২টার দিকে ওই ফোনে কল করলে এক ব্যক্তি এটি পাবনা এলাকা বলে জানান। এ ছাড়া তিনি আর কিছুই বলতে পারেননি। তিনি ধারণা করছেন ইজিবাইক ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। ইজিবাইকটি কোথায় তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।