ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারী কনস্টেবলের মৃত্যু
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিআইপি ডিউটি করতে এসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারা গেছেন তরুণী পুলিশ কনস্টেবল মনিশা পারভীন (২২)। আজ শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া-পাটগাতী সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
মনিশা পারভীন নরসিংদী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি টুঙ্গিপাড়ায় আসেন। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার জির ঘোষেরপাড়া গ্রামের মোকলেছুর রহমানের মেয়ে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের ভাষ্য, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিাপাড়ায় আসছেন। এ উপলক্ষে ভিআইপি ডিউটি করতে মনিশাকে গতকাল নরসিংদী পুলিশ লাইন থেকে টুঙ্গিপাড়ায় নিয়ে আসা হয়। তিনি স্থানীয় সরকারি বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে অবস্থান করছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ থেকে ইজিবাইকে করে পাটগাতী আসছিলেন। পথে ইজিবাইকের মোটরের সঙ্গে মনিশার গলায় থাকা ওড়না জড়িয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাল সকাল পৌনে ১০টায় হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্সের হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন। জোহরের নামাজ শেষে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকেল তিনটার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।