ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আজ সোমবার ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেরিনা নকরেক নামের ওই ছাত্রী হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে পরীক্ষা দিচ্ছিল। নিহত মেরিনা উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের গণক মাঝির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মেরিনার আসন পড়ে উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। প্রথম দিনের পরীক্ষা শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিল সে। ফেরার সময় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের দর্শনার মোড় এলাকায় ইজিবাইকের চাকার সঙ্গে মেরিনার ওড়না জড়িয়ে যায়। চালক দ্রুত ইজিবাইক থামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।