ইজিবাইকে দুর্ঘটনা বাড়ছে
ইশরাত জাহান বাবা-মায়ের সঙ্গে ইজিবাইকে (ব্যাটারিচালিত তিন চাকার যান) চড়ে নলছিটি যাচ্ছিল। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরদি গ্রামে। সে স্থানীয় গুয়োখোনা রাবেয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ইজিবাইকটির মালিক তার বাবা মো. জাকির হাওলাদার। গত বছরের ২৩ অক্টোবর ইজিবাইকটি চলার সময় হঠাৎ পেছন থেকে ইশরাতের গলার ওড়নায় হেঁচকা টান লাগে। চালকের পেছনের আসনে বসা ইশরাত আঘাত পায় ঘাড়ে।
ইশরাতের চিকিৎসা চলছে ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। সিআরপির ফিজিওথেরাপিস্ট শামীমা আখতার বলেন, গলার ওড়না ইজিবাইকের শিকলে জড়িয়ে পড়ায় হেঁচকা টানে ইশরাতের ঘাড়ের ৪ নম্বর হাড় ভেঙে গেছে। তার স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে হাত-পা নাড়াতে পারে না। কথা বলতে পারে, তবে কষ্ট হয়।
সিআরপি সূত্র বলেছে, গত দুই বছরে ইজিবাইকে ওড়না বা চাদর পেঁচিয়ে আঘাত পেয়েছেন এমন ৩৭ জন সিআরপিতে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৬ জনই নারী। যাঁদের ২৪ জনেরই বয়স ২০ বছরের নিচে। এমন আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।
এ ছাড়া এমন আঘাত ছাড়াও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান অনেকে। এমন আহত ব্যক্তিরা চিকিৎসা নেন অন্যান্য হাসপাতালে। ফলে ইজিবাইকে ওড়না বা চাদর জড়িয়ে আহত ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।
সম্প্রতি সিআরপিতে কথা হয় ইশরাতের সঙ্গে। তার ভাবি তাকে বসতে সাহায্য করছিলেন। ইশরাত বলে, নলছিটি বেড়াতে যাচ্ছিল তারা। সে বসেছিল চালকের পেছনের আসনে। তার ওড়না চলন্ত ইজিবাইকের শিকলে জড়িয়ে যায়।
সিআরপি ও কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ইজিবাইকে বসা অবস্থায় এমন দুর্ঘটনা বাড়ছে। এই দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে।
সিআরপির প্রতিষ্ঠাতা ভেলেরি এ টেইলর প্রথম আলোকে বলেন, কয়েক বছর হলো এই নতুন আঘাতের প্রকোপ শুরু হয়েছে। ইজিবাইক বাড়ছে, ইজিবাইকের শিকলে ওড়না জড়িয়ে আহত হওয়ার সংখ্যাও বাড়ছে।
ইশরাতের একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের নাজমুন নাহার। ২০১৫ সালের ১৯ ডিসেম্বর বিকেলে নাজমুন বাবা-মায়ের সঙ্গে ইজিবাইকে চড়ে স্থানীয় হাসপাতালে যাচ্ছিল। সে বসেছিল চালকের পেছনের আসনে। গলায় জড়ানো ওড়নায় আচমকা টানে সেও ঘাড়ে আঘাত পায়। স্থানীয়ভাবে চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মাস দু-এক আগে সিআরপিতে এসেছে। ফিজিওথেরাপিস্ট শামীমা বললেন, নাজমুনের ঘাড়ের ৫ ও ৬ নম্বর হাড় ভেঙে গেছে। সে হাত-পা নাড়াতে পারে না।
নাজমুন ও ইশরাত দুজনেই বলেছে, তাদের গলায় ওড়না ছিল, বসেছিল চালকের পেছনের আসনে। ইজিবাইকের শিকলে ওড়না জড়িয়ে দুর্ঘটনা ঘটতে পারে, এটা তারা ভাবেনি।
ভেলেরি এ টেইলর বলেন, কয়েক বছর ধরে এ ধরনের রোগী সিআরপিতে আসছে। খুব গুরুতর ও জটিল রোগীরাই এখানে আসে। সামান্য আঘাত পাওয়া রোগীরা আসে না। গত কয়েক মাসে এ ধরনের রোগী বাড়ছে। এমন দুর্ঘটনায় মারাও যাচ্ছে।
এ ধরনের দুর্ঘটনা এড়ানোর উপায় খুঁজছে সিআরপি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. শফিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, সারা দেশে হাজার হাজার ইজিবাইক। মানুষ এই নতুন বাহন ব্যবহার করছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ইজিবাইক বেআইনি বাহন। এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই। আবার সরকার আমদানি করার অনুমতি দিয়েছে।’
ভেলেরি বলছেন, সমাধানের উপায় আছে। ইজিবাইকের শিকল উন্মুক্ত রাখা যাবে না—এমন কড়াকড়ি ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার)