ইজিবাইকের অবাধ চলাচল অহরহ ঘটছে দুর্ঘটনা
মানিকগঞ্জে হ্যালোবাইক বা ইজিবাইক নামের ব্যাটারিচালিত যান অবাধে চলাচল করায় লোকজনের কর্মসংস্থানের সুযোগ বাড়লেও চালকদের অদক্ষতায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা-আরিচা মহাসড়কে অবাধে চলছে হ্যালোবাইক। পুলিশ সূত্র জানায়, গত ৩০ আগস্ট ভোরে হাঁটতে গিয়েছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের। শহরের খালপাড় এলাকায় একটি হ্যালোবাইকের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর তাঁর মৃত্যু হয়। হ্যালোবাইকে হেডলাইট না থাকায় অন্ধকারে ওই দুর্ঘটনা ঘটে।ট্রাফিক আইন সম্পর্কে ইজিবাইকের চালকদের ধারণা না থাকায় এ রকম দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রী সানজিদা আক্তার গত ৩ ডিসেম্বর রিকশায় চড়ে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পেছন দিক থেকে একটি হ্যালোবাইকের ধাক্কায় রিকশা থেকে পড়ে গিয়ে তাঁর বাঁ হাতের একটি আঙুল ভেঙে যায়। জেলা ট্রাফিক পুলিশ ও পৌরসভা সূত্র জানায়, মানিকগঞ্জ শহরে বছর দু-এক আগে হাতেগোনা কয়েকটি হ্যালোবাইকে যাত্রী পরিবহন শুরু হয়। বর্তমানে পৌর এলাকায় আনুমানিক ৭০০ হ্যালোবাইক চলাচল করছে। এর মধ্যে পৌর কর্তৃপক্ষের অনুমতিপত্র (লাইসেন্স) রয়েছে ৩৫০টি হ্যালোবাইকের। শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বেউথা, কালিবাড়ি, গঙ্গাধরপট্টি, বান্দুটিয়া, লওখণ্ড, পৌলী, নয়াকান্দি, মত্ত, জয়রা, সেওতাসহ বিভিন্ন সড়কে হ্যালোবাইক চলাচল করে। হ্যালোবাইকের চালকদের সঙ্গে আলাপ করে জানা যায়, কোনো অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই তাঁদের অনেকে হ্যালোবাইকে যাত্রী পরিবহন করছেন। রিকশার পরিবর্তে কেউ কেউ এ যান চালাচ্ছেন। হ্যালোবাইকের চালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘কত নিয়মকানুনই তো আছে, আমরা তার কয়টা মানি।’ চালক মজনু মিয়া বলেন, ‘বাড়ি থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি। কয়েকজন যাত্রী নিলে কয়টা টাকা পাওয়া যাবে। মন্দ কী?’চর এলাকায় অবস্থিত আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ বলেন, স্বল্প মূল্যের যান হ্যালোবাইক সারা দেশের মতো মানিকগঞ্জেও দ্রুত ছড়িয়ে পড়েছে। ব্যাটারিচালিত হলেও এটি একটি যান। কাজেই হ্যালোবাইকের চালকদের ট্রাফিক আইন জানা জরুরি। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মুরাদ মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশ সতর্ক থাকলেও দু-একটি হ্যালোবাইক মহাসড়কে চলাচল করছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। পৌর মেয়র মো. রমজান আলী বলেন, ইজিবাইকের চালকদের প্রশিক্ষণের উদ্যোগ শিগগিরই নেওয়া হবে।