ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে তাঁরা পক্ষাঘাতগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইকে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল বরিশালের শিশু ইসরাত জাহান মারিয়া। পথে ইজিবাইকের ইঞ্জিনে গলার ওড়না পেঁচিয়ে গলা থেকে হাত-পাসহ শরীরের নিচের অংশের কার্যক্ষমতা হারিয়ে ফেলে সে। তার চিকিৎসা চলছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)।
একই কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন গাজীপুরের সীমা রানী সরকার। তিনিও ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ঘাড়ে আঘাত পান।
সিআরপির পরামর্শক ও যোগাযোগ কর্মকর্তা মাসুদ রানা বলেন, গত দুই বছরে ইজিবাইকের ইঞ্জিনের সঙ্গে গলায় থাকা ওড়না বা চাদর পেঁচিয়ে আঘাত পেয়ে ৩৭ জন সিআরপিতে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৬ জনই নারী। তাঁদের মধ্যে ২৪ জনের বয়স ২০ বছরের নিচে। তিনি বলেন, আঘাতপ্রাপ্তদের সবাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন।
সিআরপিতে চিকিৎসাধীন ইসরাত (১২) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চররাদি গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। সে সেখানকার একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। আর সীমা (২২) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার নিরোদ চন্দ্র সরকারের মেয়ে। তিনি একজন গৃহশিক্ষক।
ইসরাত জানায়, গত বছরের ২২ অক্টোবর ইজিবাইকে করে স্বজনদের সঙ্গে সে ঝালকাঠির নলছিটিতে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তার ওড়না ইজিবাইকের ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে সে ঘাড়ে প্রচণ্ড আঘাত পায়।
চন্দ্রা এলাকার সীমা গত ৩ ডিসেম্বর এক ছাত্রীর বাসা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে হঠাৎ তাঁর ওড়না চাকায় পেঁচিয়ে গেলে তিনি ইজিবাইক থেকে নিচে পড়ে যান। এরপর তিনি গলা থেকে শরীরের নিচের অংশের বোধশক্তি হারিয়ে ফেলেন। গত ৩ জানুয়ারি তাঁকে সিআরপিতে ভর্তি করা হয়। তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন। এর আগে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সিআরপির বিভাগীয় প্রধান (মেডিকেল সার্ভিস) চিকিৎসক সাঈদ উদ্দিন বলেন, ইসরাত ও সীমার ঘাড়ের হাড় স্থানচ্যুত হয়ে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজনেরই গলা থেকে হাত-পাসহ শরীরের নিচের অংশের বোধশক্তি ও কার্যক্ষমতা হারিয়ে যায়। তিনি বলেন, এসব রোগীর ভালো হওয়া নির্ভর করে মেরুদণ্ড কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ওপর। যাদের শরীরের কিছুটা সাড়া থাকে, শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকে, তাঁরা হয়তো শেষ পর্যন্ত নিজেরাই চলাফেরা করার উপযোগী হন। কিন্তু অচেতন অবস্থায় যাঁদের চিকিৎসার জন্য আনা হয়, তাঁদের পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম।
সিআরপিতে চিকিৎসাধীন ইসরাতের সঙ্গে থাকা তার বড় বোন রুমা বেগম বলেন, ধীরে ধীরে ইসরাতের অবস্থার উন্নতি হচ্ছে। সে এখন হুইলচেয়ারে বসতে পারে। তার দুই হাতে কিছুটা বোধশক্তি ফিরে এসেছে।
সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালরি এ টেইলর বলেন, ইজিবাইকের নির্মাণত্রুটি রয়েছে। চালকের বসার আসন ও তার ঠিক পেছনের আসনের মধ্যবর্তী একটি ফাঁকা অংশ আছে। এই অংশের মধ্য দিয়ে ওড়না ঢুকে যায় এবং তা ইঞ্জিনে আটকে গিয়ে মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হয়। তিনি আরও বলেন, ইজিবাইকের চালকের আসনের পেছনের ফাঁকা অংশ একটি কাঠ বা পাতলা টিন ঝালাই দিয়ে বন্ধ করে দিলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। এ ছাড়া নির্মাণত্রুটি সারিয়ে ইজিবাইক আমদানি করা হলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব। তিনি দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় ওড়না পেছনে ঝুলিয়ে না রেখে সামনে কোলের ওপর নিয়ে বসার পরামর্শ দেন।