ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে সোহানা খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী ধড়-মস্তক বিচ্ছিন্ন হয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের রেলগেটসংলগ্ন সরকারি খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সোহানা চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সুবারেক আলীর একমাত্র মেয়ে ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের চাচাতো ভাই হৃদয় হোসেন জানান, সোহানা তার বাবা সুবারেক আলী ও মা লাইলী বেগমের সঙ্গে তিন দিন আগে মেহেরপুরে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। গতকাল বিকেলে একটি ইজিবাইকে বাড়ি ফিরছিল। বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে বোয়ালিয়া যাওয়ার সময় পথে সরকারি খাদ্যগুদামের সামনে পৌঁছে দুর্ঘটনার শিকার হয়। ওই সময় সোহানার গলায় পেঁচানো ওড়না ইজিবাইকের ইঞ্জিনে জড়িয়ে যায়। মা–বাবার চোখের সামনেই শিশুটির ধড়-মস্তক বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। চোখের সামনে মেয়ের মর্মান্তিক মৃত্যু দেখে মা–বাবা তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলেন। চালক ইজিবাইক ফেলে পালিয়ে যান।