ইজিবাইকের কঠিন যাতনায় খুলনাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজার হাজার ইজিবাইকের চাপে খুলনা নগরে যানজট এখন রোজকার চিত্র। ছবিটি শে​েরবাংলা সড়ক থেকে গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
হাজার হাজার ইজিবাইকের চাপে খুলনা নগরে যানজট এখন রোজকার চিত্র। ছবিটি শে​েরবাংলা সড়ক থেকে গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

১৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টা! নগরের শেরেবাংলা সড়কের ময়লাপোতা শিশু মনোজাগতিক বিদ্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আন লিসা জামান লামহা। সড়কের ওপাশে লামহার অপেক্ষায় মা নাজমা পারভিন। দুজনই পরস্পরকে দেখছেন। কিন্তু কেউই এক লেনের সড়কটি পার হতে পারছেন না। প্রায় ১০ মিনিট চেষ্টার পর কোনো রকমে দৌড়ে সড়ক পার হলেন নাজমা। চোখেমুখে একরাশ বিরক্তি নিয়ে নগরের গল্লামারী এলাকার এই বাসিন্দা বললেন, ‘দিন দিন শহরটা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ছোট একটা রাস্তাই পার হওয়া যাচ্ছে না!’
নাজমার এ বিরক্তির কারণ ইজিবাইক। খুলনায় ইজিবাইকের সংখ্যা এতটাই বেড়েছে যে শুধু রাস্তা পার হওয়া নয়, ইজিবাইকের আধিক্যে রীতিমতো আতঙ্কিত সবাই। নিয়ন্ত্রণ না থাকায় একসময়ের জনপ্রিয় যানটিই এখন নগরবাসীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
বর্তমানে খুলনা নগরে কী পরিমাণ ইজিবাইক আছে, তার কোনো পরিসংখ্যান নেই। তবে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের ধারণা, এই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এর বাইরে মাহেন্দ্র (থ্রি হুইলার যান) ও রিকশা তো রয়েছেই।
ইজিবাইক এতটাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে তা নিয়ন্ত্রণে ইজিবাইক শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন সোচ্চার। নগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ইজিবাইক নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালাচ্ছি। প্রতিদিন সকাল হলেই বিভিন্ন উপজেলা থেকে ইজিবাইক শহরে চলে আসে। এ কারণে ইজিবাইক এত বেশি। এটা নিয়ন্ত্রণ করা গেলে শহরে ইজিবাইকের চাপ কমে যাবে।’
ইজিবাইকের ব্যাটারি চার্জ করতে গিয়ে চাপ পড়ছে বিদ্যুৎ বিভাগে। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন জানান, খুলনা শহরে শীতকালে গড়ে দিনে বিদ্যুতের চাহিদা ২১০, আর রাতে ২৩০ মেগাওয়াট। গরমের সময় এটা বেড়ে দাঁড়ায় ২৪০ থেকে ২৬০ মেগাওয়াট। প্রতি দুই হাজার ইজিবাইক চার্জ করতে দিনে চার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। চার বছর ধরে ১০ থেকে ১২ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে।
কয়েকজন ইজিবাইক চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি ইজিবাইকে পাঁচটি ১২ ভোল্টের বড় ব্যাটারি থাকে। এ ব্যাটারিগুলো পুরোপুরি চার্জ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। এর বাইরে সারা দিন চালানোর জন্য দুপুরেও এক থেকে দুই ঘণ্টা চার্জে রাখতে হয়। এ জন্য প্রতিদিন একটি ইজিবাইকের ব্যাটারি চার্জের পেছনে ১০ থেকে ১৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। প্রতি ইউনিটের জন্য পরিশোধ করতে হয় ১২ টাকা।
খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স বিভাগ সূত্রে জানা গেছে, ২০১০ সালে দুই হাজার ইজিবাইক চলাচলের অনুমতি দেয় সিটি করপোরেশন। এরপর একবার তা নবায়নও করা হয়। ২০১১ সালে ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে চিঠি পাঠিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স প্রদান এবং নবায়ন না করতে নির্দেশ দেওয়া হয়। সেই থেকে মূলত ইজিবাইক নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির হয়ে আছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, ইজিবাইকের আধিক্য নিয়ন্ত্রণ না করা গেলে শহরের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটতেই থাকবে। এর জন্য একটি নীতিমালা করার তাগিদ দেন তিনি।
জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, খুলনা অনেক সুন্দর ও বাসযোগ্য একটি শহর। কিন্তু ইজিবাইকের আধিক্য শহরটির এ সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। সৃষ্টি করছে যানজটের। ইজিবাইক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে অনুমতি না দেওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, কিছুদিন আগেই অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি।