ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
শিশুপুত্রকে ডাক্তার দেখানোর জন্য ইজিবাইকে চড়ে স্বামীর সঙ্গে হাসপাতালে যাচ্ছিলেন রিপা (২২)। কিন্তু পথিমধ্যে রিপার গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে মৃত্যু ঘটে তাঁর।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে শেরপুর জেলা শহরের পুরাতন গরুহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রিপা শহরের শেরীপাড়া মহল্লার ব্যবসায়ী আবদুল আজিজ ওরফে মাসুদের স্ত্রী। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।
নিহত রিপার পরিবার সূত্রে জানা গেছে, রিপার এক বছরের শিশুপুত্র রিহান কয়েক দিন যাবৎ জ্বরে ভুগছিল। তাকে ডাক্তার দেখানোর জন্য গতকাল বেলা দেড়টার দিকে শেরীপাড়ার বাসা থেকে বের হয়ে ইজিবাইকে চড়ে হাসপাতালে যাচ্ছিলেন রিপা। সঙ্গে স্বামী মাসুদও ছিলেন। ইজিবাইকটি শহরের পুরাতন গরুহাটি এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত রিপার ওড়নাটি ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি ঘাড়ে প্রচণ্ড আঘাত পান এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ফার্মাসিস্ট তরণী কান্ত সরকার বলেন, ঘাড়ে প্রচণ্ড আঘাত পাওয়ায় রিপা মারা গেছেন।
রিপার আকস্মিক মৃত্যুতে স্বামী মাসুদ ও পরিবারের সদস্যরা প্রায় বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। রিপার মামাশ্বশুর মো. সফর আলী জানান, শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে রিপার মরদেহ শেরীপাড়া মহল্লার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।