ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ইজিবাইকের চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গতকাল রোববার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম আছিয়া খাতুন (১২)। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন নাইর গ্রামের আকেন আলী মণ্ডলের মেয়ে। আছিয়া রামদিয়া বিএমবিসি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের কাজীবাধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়ার খালাতো বোন শারমিন আক্তার (২৬) জানান, তাঁরা বেলা সোয়া ১১টার দিকে সোনাপুর থেকে একটি ইজিবাইকে রাজবাড়ীতে তাঁদের (শারমিনদের বাড়ি) বাড়িতে আসছিল। আছিয়া ইজিবাইকের বাম পাশে বসা ছিল। কাজীবাধা মোড়ে আসার পর ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে যাওয়ায় আছিয়া ইজিবাইক থেকে রাস্তার ওপর পড়ে যায়। আহত অবস্থায় তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, নিহত আছিয়ার পরিবার মামলা দায়ের করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে পরিবার মামলায় অনাগ্রহী।