ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-ডলুরা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মাসুমা বেগম (৪০)। বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামে।
স্থানীয় মঙ্গলকাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব জানান, মাসুমা বেগম একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এনজিও) চাকরি করতেন। সকাল ১০টার দিকে তিনি নিজ গ্রাম থেকে একটি ইজিবাইকে চড়ে মঙ্গলকাটা বাজারে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভৈষারপাড় নামক এলাকায় তাঁর গলায় থাকা ওড়নাটি ইজিবাইকের চাকায় আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুমা বেগমের ছোট বোনের স্বামী আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মাসুমা বেগমের স্বামী জয়নাল আবেদিন একজন স্কুলশিক্ষক।’