ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার পুরান বাজার এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।ওই ছাত্রীর নাম লাবনী আক্তার (১৭)। সে উজিরপুর উপজেলার গজালিয়া গ্রামের মো. হাফিজুর রহমানের মেয়ে। সে ঢাকার একটি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে লেখাপড়া করত। লাবনী মা-বাবা ও ভাইবোনদের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য গ্রামের বাড়িতে এসেছিল। গতকাল বেলা আড়াইটার দিকে অসুস্থ খালাতো বোনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ইজিবাইকের চাকায় লাবনীর ওড়না আটকে যায় ও গলায় ফাঁস লেগে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।