ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে ইজিবাইকের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কটি অবরোধ করে। গতকাল শুক্রবার বিকেলে ওই সড়কে টায়ার জ্বেলে অবরোধ করে বিক্ষোভ করে জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে শহরের অফিসার্স কলোনির ফাইভ স্টার মাঠের সামনে ওই সড়কটি পার হচ্ছিল রোহিত নামের ওই স্কুলছাত্র। এ সময় সৈয়দপুর শহরমুখী একটি ইজিবাইক রোহিতকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন ১০০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। রোহিত ওই এলাকার রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে ওই এলাকার কানাডা বিল্ডিং-সংলগ্ন হাতিখানা মহল্লার সিরাজুল ইসলামের ছেলে।
রোহিতের মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের ফাইভ স্টার মাঠ-সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় ওই সড়কে প্রায় অর্ধশত ইজিবাইক ভাঙচুর করে এলাকাবাসী। পরে সন্ধ্যা ছয়টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন। তবে রোহিতকে চাপা দেওয়া ইজিবাইকটি আটক করা সম্ভব হয়নি।