ইজিবাইকের দখলে রিকশা লেন
ট্রাফিক পুলিশের পর্যাপ্ত নজরদারির অভাবে সিলেট নগরের সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট সড়কে চালু হওয়া রিকশা লেন পদ্ধতি যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে, তিন ভাগে বিভক্ত লেনের মধ্যের অংশ দখল করে চালকেরা ইজিবাইক স্ট্যান্ড তৈরি করেছেন। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। রিকশা লেন চালু হওয়ার দেড় মাসের মাথায় এমন অবস্থা তৈরি হলো।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট এলাকা। কিনব্রিজ পাড়ি দিয়ে এ রাস্তা ধরেই আগত লোকজনকে নগরে প্রবেশ করতে হয়। প্রায় সময় এ রাস্তাজুড়ে যানজট লেগে থাকত। যানজট কমাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এবং ট্রাফিক পুলিশ ও সওজের সহযোগিতায় গত ২ মার্চ থেকে ওই রাস্তায় রিকশা লেন পদ্ধতি চালু করা হয়। এতে অল্প সময়ের মধ্যে ওই রাস্তায় যানজট অনেকটাই কমে যায়।
স্থানীয় অনেকে জানান, রিকশা লেন চালু হওয়ার পর কিছুদিন নিয়ম মেনে চালকেরা যানবাহন চালিয়েছিলেন। এখন অধিকাংশ রিকশা সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলের লেন দিয়ে যাতায়াত করছে।
ওই রাস্তায় চলাচলকারী একাধিক যানবাহনের চালক অভিযোগ করেন, অটোরিকশা ও ইজিবাইক সারি ধরে সকাল থেকে রাত পর্যন্ত রিকশা লেনের মধ্যের অংশে অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করাচ্ছে। এতে যানজট নিরসনে লেনটি ক্রমে কার্যকারিতা হারাচ্ছে। ট্রাফিক পুলিশের সামনে লেনের নিয়ম ভেঙে চললেও তা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
গত বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত সিটি পয়েন্টে রিকশা লেনে কয়েকটি সারিতে অন্তত ৩২টি অটোরিকশা এবং ইজিবাইককে অবস্থান নিতে দেখা যায়। এ সময় কোনো ট্রাফিক সার্জেন্ট কিংবা কনস্টেবলকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত সিটি করপোরেশনের কর্মী শেখ আহমদ জানান, তিনি সকাল আটটা থেকে কাজ করছেন। তবে বেলা দুইটা থেকে ট্রাফিক পুলিশের কাউকেই তিনি দেখতে পাননি বলে জানিয়েছেন। লেনসহ সিটি পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল মীর জাহান বলেন, ‘এঁরা (ইজিবাইকের চালক) কারও কথাই শুনতে চায় না। একবার বিদেয় করলে পুনরায় রাস্তায় সারি সারি করে দাঁড়িয়ে যাত্রী ওঠায়-নামায়।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘রিকশা লেনের মধ্যে অস্থায়ী স্ট্যান্ড তৈরির বিষয়টি আমাদের চোখেও পড়েছে। সিটি পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কে লেন নির্মাণের অবকাঠামোগত কাজ চলছে। এ রাস্তায় কিছুদিনের মধ্যেই লেন পদ্ধতি পুরোপুরি চালু হয়ে গেলে সব সমস্যা দূর হয়ে যাবে।’