ইজিবাইকের দখলে হবিগঞ্জ শহরের সড়ক
হবিগঞ্জ শহরে দুর্ভোগের আরেক নাম ইজিবাইক (ব্যাটারিচালিত তিন চাকার বাহন)। নিবন্ধন রয়েছে এক হাজার ইজিবাইকের। কিন্তু অবৈধভাবে নেমেছে আরও কয়েক হাজার। শহরের ব্যস্ত সড়কগুলো এখন ইঞ্জিনচালিত এই বাহনটির দখলে থাকে।
পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে হবিগঞ্জ শহরে চলাচলের জন্য এক হাজার ইজিবাইক অনুমোদন দেয় পৌরসভা। শহরবাসী এ সিদ্ধান্তে আপত্তি জানালেও পৌর কর্তৃপক্ষ আমলে নেয়নি। এরপর ধীরে ধীরে অনুমোদন ছাড়াই ইজিবাইক রাস্তায় নামতে থাকে। তখন থেকেই ব্যস্ত সড়কগুলোতে যানজটের শুরু। বর্তমানে নিবন্ধনহীন অন্তত তিন হাজার ইজিবাইক শহরের রাস্তায় চলাচল করছে। যানজটও প্রতিদিন তীব্র আকার ধারণ করছে।
সম্প্রতি এক সকালে (সাড়ে ১০টা) সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কের জেলা প্রশাসকের কার্যালয় থেকে চৌধুরী বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় এলোমেলোভাবে ইজিবাইক দাঁড়িয়ে আছে। এমনকি পথচারীদের চলাচলের কোনো জায়গা নেই। শুধু এ সড়কেই নয়, শহরের ঘাটিয়াবাজার ও পিটিআই রোড, পাশাপাশি বাইপাস সড়কেও একই রকম দৃশ্য দেখা যায়।
ওই দিন বেলা ১১টায় নম্বরবিহীন একটি ইজিবাইক শহরের স্টাফ কোয়ার্টার মোড়ে উল্টে যায়। এতে নারী, শিশুসহ চারজন আহত হন। রুবেল নামের আট বছরের শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। বেলা দেড়টার দিকে শহরের পিটিআই সড়কে একটি ইজিবাইকের সঙ্গে একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে এক নারী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেন স্থানীয় লোকজন।
শহরের ঘাটিয়া এলাকার ব্যবসায়ী সমর দাস বলেন, পুরো শহর যেন ইজিবাইকের দখলে। অদক্ষ চালক ও অনিয়ন্ত্রিত ইজিবাইকের কারণে প্রতিদিন ছোট-বড় ১০-১২টি দুর্ঘটনা ঘটছে। কেউ কেউ গুরুতর আহত হচ্ছেন। কিন্তু এর কোনো প্রতিকার নেই।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আবদুল আলিম সরদার জানান, সিলেট মহানগরসহ দেশের বিভিন্ন শহরে এ ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অথচ হবিগঞ্জে তা বন্ধ করা হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশা। সব মিলিয়ে এ শহরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইজিবাইকের চালক মো. সুমন মিয়া বলেন, ‘আমরা টাকা দিয়ে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়েছি। শহরবাসীর যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু নম্বরবিহীন বাহনগুলো দুর্নাম বয়ে আনছে।’ তিনি অভিযোগ করেন, পুলিশ মাঝেমধ্যে নম্বরবিহীন ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু টাকার বিনিময়ে আবার ছেড়ে দেয়।
তার অভিযোগের সত্যতা মেলে নম্বরবিহীন ইজিবাইকের চালক দুলাল মিয়ার কথায়। তিনি বলেন, ‘অনুমোদনের জন্য পৌরসভায় আবেদন করেছি। নতুন গাড়ি কিনে তো ফেলে রাখতে পারি না। কিস্তি দিতে হচ্ছে। মাঝেমধ্যে গাড়ি আটক করলেও ছেড়ে দেয়। প্রতিবার পাঁচ শ থেকে এক হাজার টাকা দিতে হয়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, অবৈধভাবে চলাচলকারী ইজিবাইক আটক করে জরিমানা করা হয়। কিন্তু এরপরও সমস্যা কাটছে না। সংকট নিরসনে সব কর্তৃপক্ষের সার্বিক সিদ্ধান্ত প্রয়োজন।
হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস বলেন, ‘নতুন করে কোনো ইজিবাইকের অনুমোদন দেওয়া হচ্ছে না। অবৈধ ইজিবাইক আটকের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। মাঝেমধ্যে পুলিশ সেগুলো আটক করছে। কিন্তু কয়েক দিন পর আবার তা রাস্তায় নামে। এ জন্য পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।’