ইজিবাইকের দাপটে অতিষ্ঠ মানুষ
লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত ইজিবাইকের দাপটে দিনাজপুর শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ইজিবাইকের চালকেরা আইন না মানায় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে। ঘটছে দুর্ঘটনা।
গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও অন্য যানবাহনের চালক-শ্রমিকসহ পথচারীরা শহরের ইজিবাইক চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
শিক্ষক মো. জিয়াউল হক জানান, ইজিবাইক ঘণ্টায় ২০ থেকে ৫০ কিলোমিটার গতিতে চলে। এ ছাড়া ইজিবাইক চালকেরা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করেন।
শহরের বাহাদুর বাজার উত্তরা সুপার বিপণিবিতানের মালিক এখলাছুর রহমান অভিযোগ করে জানান, ইজিবাইকগুলো বিপণিবিতানের সামনে সারি সারি দাঁড়িয়ে থেকে যানজটের সৃষ্টি করে। অনেক সময় ইজিবাইক বিপণিবিতানে ক্রেতাদের প্রবেশেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ঈদগাহ আবাসিক এলাকার রেন্ট-এ কার ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ‘সরকারকে ট্যাক্স দিয়ে গাড়ির লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, চালকের লাইসেন্স নিয়ে, ট্রাফিক আইন মেনে রাস্তায় মাইক্রো চালাই। কিন্তু ইজিবাইকের কোনো লাইসেন্স লাগে না। সরকারকে ট্যাক্স না দিয়ে এগুলো রাস্তায় চলাচল করছে।’
পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, শহরে কতগুলো ইজিবাইক চলে তার হিসাব পৌরসভার কাছে নেই। কারণ এগুলোর কোনো লাইসেন্স নেই। এগুলোকে বন্ধ করতে মন্ত্রণালয় থেকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে দিনাজপুর মোটরমালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ইজিবাইক। এরা আইন মানে না। তিনি এ ধরনের লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধের দাবি জানান।
দিনাজপুর রিকশা ও ভ্যানশ্রমিক ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলাম জানান, ইজিবাইকের জন্য রিকশাভ্যান চালকেরা শহরে রিকশা চালাতে পারেন না। শহরে কমপক্ষে সাত থেকে আট হাজার ইজিবাইক চলাচল করে। এ ছাড়া তারা ট্রাফিক আইন মানে না।
দিনাজপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. ডালিম উদ্দিন জানান, ইজিবাইকগুলো আইনের আওতায় আনতে জেলা আইনশৃঙ্খলা সভায় মোটর ও রিকশার মালিকেরা দাবি তোলেন। আমদানির বৈধতা না থাকার কারণে বিআরটিএ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে ইজিবাইককে আইনের আওতায় আনা উচিত।
দিনাজপুরের ট্রাফিক পরিদর্শক মো. আবদুর রশিদ জানান, ইজিবাইক চালকেরা কথা শোনেন না। রাস্তার মোড়ে যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলেন । রাস্তার মাঝখানে হঠাৎ ঘুরিয়ে দিক পরিবর্তন করেন। ফলে শহরে মাঝেমধ্যে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে।