ইজিবাইকের ব্যাটারি চুরির অভিযোগে তিনজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের ব্যাটারি চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের উত্তর মৌড়াইল এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শহরের কাজীপাড়ার মানিজ মিয়ার ছেলে সুজন মিয়া (২০), সরকারপাড়ার মৃত করিম মিয়ার ছেলে মনির মিয়া (২৮) ও একই পাড়ার মৃত মালেক সরকারের ছেলে মেহবুব (৩৭)। পুলিশ সূত্রে জানা গেছে. গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁরা শহরে মুরাদ নামের একজনের বাড়িতে বাস করতেন। ওই মুরাদও এ চক্রের সদস্য। সম্প্রতি তাঁরা শহরের কাজীপাড়ার আবুল কালাম মিয়ার চারটি ইজিবাইকের ব্যাটারি চুরি করেন। এ ঘটনায় থানায় আবুল কালামের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের অপর তিন সদস্য পালিয়ে যান। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইজিবাইকের চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।