ইজিবাইকের ‘কঠিন’ যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত ইজিবাইকের চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে দিনাজপুরের মানুষ। তাঁদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র পার্কিং, যাত্রীসাধারণ, অন্য যানবাহনের চালকদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে।পৌরসভা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ—কেউ নিয়ন্ত্রণ না করায় ইজিবাইকের চালকদের বেপরোয়া চলাচল চরমে উঠেছে।পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, দিনাজপুরে ব্যাটারিচালিত কমপক্ষে পাঁচ হাজার ইজিবাইক চলাচল করছে। এ ছাড়া পৌরসভার লাইসেন্স নিয়ে চলাচলকারী রিকশা রয়েছে প্রায় ১০ হাজার। ইজিবাইক চলাচলে সরকারি কোনো আইন নেই, লাইসেন্সও লাগে না। তাদের নিয়ন্ত্রণ করতে বিআরটিএর জেলা শাখার একাধিক সভায় তিনি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।দিনাজপুর স্বারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ১০ বছর বয়সের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধকেও ইজিবাইক চালাতে দেখা গেছে। ট্রাফিক আইন সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন জানান, ২০০৯ সালে প্রথম চালু হওয়ার সময় ইজিবাইকের মালিক ও চালকেরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিকশার চেয়ে বেশি ভাড়া তাঁরা কখনো দাবি করবেন না। আর এখন রিকশার তিন গুণ বেশি ভাড়া ছাড়া তাঁরা যাত্রী তোলেন না।ইজিবাইকের চালক মুনীর হোসেন (৭৫) বলেন, ‘৫০ বছর কার চালিয়েছি। বয়স হয়েছে, শরীর চলে না। কার চালাতে কেউ নেয় না। সংসারের প্রয়োজনে তাই ইজিবাইক চালাই।’গত সোমবার শহরের লিলি সিনেমার মোড়ে দেখা গেছে, দুটি ইজিবাইক মোটরসাইকেলের সামনে রাস্তার ডান পাশ ঘেঁষে চলছে। কয়েকবার হর্ন দিলেও মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যেতে দিচ্ছে না। অবশেষে মোটরসাইকেলের চালক ট্রাফিক সিগন্যালে ইজিবাইক দুটিকে থামিয়ে ট্রাফিক আইন মেনে চলতে বলেন। এ সময় ইজিবাইকের দুজন চালক বললেন, ‘আপনারাই খালি বলেন, আমরা আইন মানি চালাই না। কিন্তু যাদের বলার কথা, সেই ট্রাফিকরা তো কখনো বলে না, আমরা ভুল করি চালাই।’দিনাজপুর বিআরটিএর সহকারী পরিচালক এ এস এম কামরুল হাসান জানান, দিনাজপুরে ইজিবাইকের সংখ্যা কত, তা হিসাব রাখার দায়িত্ব তাঁদের নয়। মোটরযান অধ্যাদেশ অনুসারে বিআরটিএ ব্যাটারিচালিত কোনো যানবাহনকে লাইসেন্স দিতে পারে না।পুলিশ সুপার ময়নুল ইসলাম জানান, শহরে শত শত ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তবে মহাসড়কে ইজিবাইক, নছিমন ও ভটভটি চলাচল বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।