
যানজটমুক্ত রাখতে সিলেট নগরে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলাচল করতে পারবে না। সাময়িক নিষেধাজ্ঞা জারি করে যানজটমুক্ত নগর পাওয়ার পর সিলেট মহানগর পুলিশ ও সিটি করপোরেশন অবশেষে যানটি নগরে নিষিদ্ধ করল।
তবে নগরের বাইরে শহরতলির কিছু সড়কে ইজিবাইক চলাচলের নির্দেশনা দেওয়া হবে। গতকাল বুধবার পুলিশ ও করপোরেশন যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়।
মানবিক দিক বিবেচনায় শহরতলিতে ইজিবাইক চলাচলের পথ দেখিয়ে দেওয়া হবে জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ প্রশাসন হঠাৎ করে ব্যবস্থা নেওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে ইজিবাইক বন্ধ করার পর নগরে যেহেতু যানজট আর আগের মতো নেই, তাই দুই পক্ষ সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের সভাকক্ষে গতকালের ওই সভায় মহানগর পুলিশ, ট্রাফিক পুলিশ, মেয়রসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের যানবাহন নিবন্ধন দপ্তর জানায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে নগরে ইজিবাইক চলাচল শুরু করে। দ্রুত এসব নগর ছেয়ে যায়। আকারে বড় হওয়ায় নগরে যানজট আগের চেয়ে বেড়ে যায়। চালকদের গাড়ি চালানোয় ন্যূনতম দক্ষতা না থাকায় নিয়ন্ত্রণহীনভাবে চলাচলে পথচারী ও যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ে। বিদ্যুতে চার্জ করার কারণে শহরে লোডশেডিংয়ের মাত্রাও বেড়ে যায়। এ কারণে বিভিন্ন নাগরিক সংগঠন ও পথচারীরা নগরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখা জানিয়েছে, ২০০৯ সালের ৭ জানুয়ারি এফএ ট্রেডার্সের পক্ষ থেকে নগরে তাদের কিছু ইজিবাইক চলাচলের অনুমতি চেয়ে তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের কাছে আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মেয়র পুলিশের ট্রাফিক বিভাগকে নগরে এসব যানকে পরীক্ষামূলকভাবে চলাচলের জন্য সুপারিশ করেন। ওই বছরের ১৭ এপ্রিল ইজিবাইকের ১১৫ জন মালিক নম্বরপ্লেট, ব্লুবুক ও লাইসেন্স পাওয়ার জন্য মেয়রের বরাবর আবেদন করেন।
পরে সিটি করপোরেশন এক হাজার ১৫০টি ইজিবাইকের বৈধতা দেয়। অনুমতি পাওয়ার পর থেকে এসব প্লেট আর নবায়ন হয়নি। আবার একই প্লেট ব্যবহার করে একাধিক ইজিবাইক চলাচলের ঘটনাও ঘটতে থাকে। অনুমোদন ছাড়াই নগরে ছেয়ে যায় এসব ইজিবাইক। এসবের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি না হওয়ায় রাস্তায় দাঁড়িয়েই যাত্রী ওঠানামার কাজ করতে থাকেন চালকেরা। এতে নগরবাসীকে নানা ভোগান্তিতে পড়তে হয়।
নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং অবৈধ ইজিবাইক চলাচলের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকায় মহানগর পুলিশ ১ জুলাই থেকে নগরে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এ পরিস্থিতি নিয়ে ৩ জুলাই রাতে ইজিবাইক শ্রমিক কল্যাণ পরিষদের নেতারা মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন। মীমাংসা ছাড়া বৈঠক শেষ হওয়ায় রাত ১২টার দিকে ইজিবাইকের মালিক ও চালকেরা নগরের শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, সোবহানীঘাটসহ কয়েকটি এলাকার সড়কে অবরোধ সৃষ্টি করে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে।
নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর বলেন, ‘ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় নগরের যানজট ও লোডশেডিং অনেকটাই কমে গেছে। এগুলো যেন আবার মাথাচাড়া দিয়ে না ওঠে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’
নগরে আর চলাচল করতে না পারার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইজিবাইক চালক কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ গোলাম রহমান জানান, ইজিবাইক চালানোর সঙ্গে নগরে কমপক্ষে দুই থেকে আড়াই হাজার এবং শহরতলিতে আরও তিন হাজার মানুষ সংশ্লিষ্ট। মানবিক কারণে বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি তাঁর।