ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীর ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করে সালিসে রায় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম এ রায় দেন বলে অভিযোগ রয়েছে।তরুণীটির মামা ও মা জানান, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিন্টু ড্রাইভারের ছেলে মো. লিটনের (২২) সঙ্গে একই ইউনিয়নের ওই তরুণীর (১৮) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। দরিদ্র পরিবারের পিতৃহীন ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন লিটন। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের প্রস্তাব দিলে লিটন ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।বিষয়টি সমাধানে ২২ নভেম্বর নারী ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে রেহানা বেগমের উপস্থিতিতে সালিসের আয়োজন করা হয়। তরুণীর মামা অভিযোগ করেন, সালিসে রেহানা বেগম একতরফাভাবে লিটনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং সাদা কাগজে স্বাক্ষর নেন। রায় না মেনে মামলা করলে চরিত্রহীন বলে মা-মেয়েকে গ্রামছাড়া করা হবে বলে সালিসে জানিয়ে দেওয়া হয়। ওই সালিসে আরও উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন, গ্রামসর্দার আইয়ুব খান, মিয়া ম্যানেজার, মোশাররফ হোসেনসহ অর্ধশতাধিক লোক। গতকাল মঙ্গলবার ওই তরুণী মিরসরাই মানবাধিকার জোটের কাছে আইনি সহায়তার জন্য এলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। মানবাধিকার জোটের সভাপতি মো. জামশেদ আলম জানান, এ ব্যাপারে তরুণীর পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে তরুণী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরুণীর পরিবার জানায়, তারা টাকা নয়, মেয়ের সন্তানের পিতৃপরিচয় চায়। ওই তরুণী বলেন, ‘আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লিটন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এখন আমি অন্তঃসত্ত্বা। সন্তানের পিতৃপরিচয় না পেলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।’অভিযোগ সম্পর্কে জানতে লিটনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।হিঙ্গুলী ইউপি চেয়ারম্যান ইফতেখার উদ্দিন বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান মেয়ে ও তার মাকে বৈঠকে বারবার চরিত্রহীন, দেহ ব্যবসায়ী বলে ধমক দিয়ে সালিস মানতে বাধ্য করেন। আমি দুজনের বিয়ে দিয়ে বিষয়টি সমাধান করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মিল্কী জানান, লিটনের ভাই থানায় ফোন করে জানায়, লিটনকে অপহরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে লিটন ও ওই তরুণীর সম্পর্ক জানাজানি হওয়ার পর এলাকাবাসী তাদের বিয়ের আয়োজন করছে। রেহানা বেগম বিষয়টি সমাধানের কথা বলেন। এরপর কোনো পক্ষ পুলিশকে কিছু জানায়নি।রেহানা বেগম বলেন, ‘লিটন ও মেয়েটিকে এলাকার লোকজন একসঙ্গে পেয়ে আমার বাড়িতে নিয়ে আসে। পরে মেয়েপক্ষ ছেলেকে অপহরণ করে বিয়ের আয়োজন করে। অপহরণের অভিযোগ পেয়ে সেখান থেকে পুলিশ লিটনকে উদ্ধার করে। এরপর ঘটনাটি সমাধানের উদ্যোগ নিয়ে আমার কার্যালয়ে সালিসে বসি। সালিসে সম্পর্কের কোনো প্রমাণ তরুণীর পক্ষ দিতে পারেনি। তবে দুজন একসঙ্গে ঘুরতে বের হওয়ায় লিটনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’