ইঞ্জিন ও চালকসংকট ট্রেন চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রেল বিভাগে চালক (লোকোমাস্টার) ও ইঞ্জিনের চরম সংকট বিরাজ করছে। ফলে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি চাহিদা থাকার পরও কোনো কোনো ট্রেনের চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। গত ১৮ ডিসেম্বর বন্ধ করে দেওয়া লালমনিরহাট-সান্তাহার যাত্রীবাহী লোকাল ট্রেনটি গতকাল বুধবার পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।লালমনিরহাট রেল বিভাগীয় দপ্তর সূত্রে জানা গেছে, ছুটির দিন বাদে এই রেল বিভাগের আওতায় লোকাল, আন্তনগর ও মালবাহী এবং যাত্রী ও মালবাহী মিশ্র ট্রেন মিলিয়ে মোট ৪০টি ট্রেন চলাচল করে। এ জন্য ৮০ জন চালক ও কমপক্ষে ৫০টি ইঞ্জিন প্রয়োজন। কিন্তু বর্তমানে এ রেল বিভাগের আওতায় ইঞ্জিন রয়েছে ৩৪টি। এর মধ্যে চালু রয়েছে ২৩টি ইঞ্জিন। বাকি ১১টি ইঞ্জিন মেরামতের জন্য কারখানায় পাঠানো হয়েছে। আর ৮০ জন চালকের স্থলে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন।রেল বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) মোস্তাফিজুর রহমান বলেন, প্রয়োজনীয়সংখ্যক চালক ও ইঞ্জিন না থাকার কারণে অনেক অসুবিধা মোকাবিলা করে ট্রেন চালানো হচ্ছে। অনেক সময় নির্ধারিত সময়ে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি চাহিদা থাকার পরও কোনো কোনো ট্রেনের চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। মোস্তাফিজুর রহমান জানান, চালক ও ইঞ্জিনসংকটের কারণে বুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর লোকাল ট্রেনটি সম্প্রতি তিন দিন বন্ধ ছিল। এ ছাড়া গত ১৮ ডিসেম্বর বন্ধ করে দেওয়া লালমনিরহাট-সান্তাহার যাত্রীবাহী লোকাল ট্রেনটি এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। কবে নাগাদ এ ট্রেনটি আবার চালু হবে, তা-ও বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই জানান, প্রয়োজনীয়সংখ্যক জনবল, ইঞ্জিনসংকটসহ বিদ্যমান অন্যান্য সমস্যার বিষয় উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি নিয়মিত প্রতিবেদন পাঠাচ্ছেন।