নিজেরাই ইঞ্জিন ও বগি কিনে ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রেলপথে আন্তনগর ট্রেন চালাতে চায় বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড। এ জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের দেওয়া প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে চার মাস ধরে রেলপথ মন্ত্রণালয় গঠিত কমিটি কাজ করছে।
২৩ আগস্ট এই কমিটির বৈঠকে রয়েছে। এরপর তারা সরকারের কাছে প্রতিবেদন দেবে। ইউনাইটেড কোম্পানি ট্রেন পরিচালনার অনুমতি পাচ্ছে কি না এবং পেলে সেটা কোন পদ্ধতিতে পরিচালিত হবে, তা এই প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
রেলওয়ে সূত্র জানায়, গত বছরের ১০ অক্টোবর ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে তিন জোড়া অত্যাধুনিক শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন নিজেদের খরচে পরিচালনার প্রস্তাব দেয় ইউনাইটেড। একই সঙ্গে ওই রেলপথে ট্রেনের গতি ৬৫ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটারে উন্নীত করারও প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. মিয়া জাহানকে প্রধান করে গত ১৩ এপ্রিল ১০ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটির ১০ জনের মধ্যে ৫ জন রেলের কর্মকর্তা এবং বাকি ৫ জন ইউনাইটেডের প্রতিনিধি।
এ বিষয়ে মন্ত্রণালয় গঠিত কমিটির প্রধান ও রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মিয়া জাহান প্রথম আলোকে বলেন, এ ধরনের প্রস্তাব বাংলাদেশে এটিই প্রথম। আরও কিছু পরীক্ষার পর ভেবেচিন্তে প্রতিবেদন দেবেন তাঁরা।
বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা, স্থলবন্দর পরিচালনাসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে ইউনাইটেডের। রেলপথ মন্ত্রণালয়কে দেওয়া লিখিত প্রস্তাবে ইউনাইটেড কোম্পানি উল্লেখ করেছে, তারা নিজস্ব অর্থায়নে আমেরিকা বা কানাডা থেকে ইঞ্জিন এবং চীন ও ইন্দোনেশিয়া থেকে বগি সংগ্রহ করবে।
প্রাথমিকভাবে ২২টি বগি দিয়ে যাত্রা শুরু করতে চায় ইউনাইটেড কোম্পানি। ঢাকা থেকে দেওয়ানগঞ্জের দূরত্ব ২১২ কিলোমিটার। এই রেলপথে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ট্রেন চালানো যায়।
ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এস কে এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজস্ব খরচে আন্তনগর ট্রেন পরিচালনার প্রস্তাব দিয়েছি। এ জন্য ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে আমাদের।’
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর) রুটে বর্তমানে তিন জোড়া আন্তনগর এবং তিন জোড়া মেইল ট্রেন চলে। ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ রুটে আরও দুই জোড়া লোকাল ট্রেন চলে। মোট আট জোড়া ট্রেনের মাধ্যমে ৪৯ লাখ ৯০ হাজার ৮১৬ জন যাত্রী পরিবহন করে গত অর্থবছরে (২০১৬-১৭) রেলওয়ে আয় করেছে ৫৯ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯১৭ টাকা।
ট্রেন পরিচালনার জন্য ঢাকা-দেওয়ানগঞ্জ রুট কেন বেছে নিলেন, জানতে চাইলে এস কে এম শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান মাহমুদ এবং আমার গ্রামের বাড়ি জামালপুরে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা জামালপুর-ঢাকা রুটে ট্রেন পরিচালনা করতে চাই।’
ইউনাইটেডের প্রস্তাবের বিষয়ে রেলপথমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, বেসরকারিভাবে ইঞ্জিন ও বগি এনে ট্রেন পরিচালনা করতে হলে নীতিমালার প্রয়োজন। ঢাকা-জামালপুরে ট্রেন পরিচালনার প্রস্তাবের কী অবস্থা, সেটা রেলের অন্য কর্মকর্তারা ভালো বলতে পারবেন। এ বিষয়ে কোনো প্রতিবেদন এখনো তাঁর কাছে আসেনি। প্রতিবেদন পেলে সরকার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে।