ইঞ্জিন দুই দফা নষ্ট, উপবনের যাত্রীরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুই দফা আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। বিকল্প ইঞ্জিন নিয়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চালু করা হয়।

আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই অবস্থা হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশন সূত্র বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭৩৯ নম্বর ডাউন আন্তনগর উপবন ট্রেন ইঞ্জিনের দুর্বলতার কারণে লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকার একটি টিলা পার হতে পারেনি। সেখানে প্রায় ৩০ মিনিট আটকা থেকে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে ফিরে যায়। পরে ভোর পাঁচটার দিকে ট্রেনটি আবার চালানো হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিন আবারও নষ্ট হয়ে যায়। জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার একটি ভাঙা সেতুর ওপর ট্রেনটি আটকা পড়ে।

পরে সকালে সিলেট স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে আটকা পড়া উপবন ট্রেনকে টেনে সকাল পৌনে আটটার দিকে ভানগাছ স্টেশনে নিয়ে যায়। তিন ঘণ্টা পর ট্রেন আবার চালু হয়।

ট্রেনের সমস্যার কথা জানিয়ে শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ বলেছেন, আজ সকালে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা ট্রেনও কমপক্ষে সাড়ে চার ঘণ্টা দেরিতে চলবে।