ইঞ্জিন প্লাটফর্মে ওঠার ঘটনায় রেলের দুই চালক বরখাস্ত

শানটিং ইঞ্জিন ও কোচ রেললাইন থেকে চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্মে উঠে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ইঞ্জিনের দুই চালক সাব-লোকো মাস্টার এ কে এম জহিরুল হক ও সহকারী লোকো মাস্টার (ট্রেনের চালক) এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির প্রধান হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম মকসুদুল আরেফিন এবং অন্যটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার। তাঁদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ ভোরে চট্টগ্রামের পাহাড়তলীর ট্রেন রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে ১৬টি কোচ একটি শানটিং ইঞ্জিন দিয়ে টেনে আনছিলেন চালক জহিরুল হক। গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সকাল সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড শব্দে শানটিং ইঞ্জিন ও একটি বগি লাইন ছেড়ে প্লাটফর্মে উঠে পড়ে। রেলভবনের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। কোচগুলো ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের। ওই সময় স্টেশনে যাত্রী ও রেল কর্মীদের আনাগোনা ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনকে স্টেশন থেকে ইয়ার্ডে নেওয়ার জন্য শানটিং ইঞ্জিন ব্যবহার করা হয়। গন্তব্যে যেতে ব্যবহৃত হয় মূল ইঞ্জিন।
সূত্র জানায়, চালক (সাব লোকো মাস্টার) ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আজ দুপুর ১২টার মধ্যে প্লাটফর্ম থেকে শানটিং ইঞ্জিন ও কোচটি উদ্ধার করে মার্শাল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এর আগে ঢাকাগামী মহানগর প্রভাতী ৫০ মিনিট দেরিতে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার কারণ আমরা বের করতে পেরেছি। চালক ঘুমের ঘোরে ট্রেনটি চালিয়ে আনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছেন। এ ব্যাপারে দুটি তদন্ত কমিটি গঠন হলেও এখানে চালকই দায়ী। তাই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’