ইঞ্জিন বিকল, সাগরে ভাসছে পর্যটকবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার সময় ‘এলসিটি কাজল’ নামের একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বিকেল সাড়ে চারটার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি বঙ্গোপসাগরে ভাসছিল। ওই জাহাজে ২৫০ জনের বেশি পর্যটক রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সেন্ট মার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় বিকেল সাড়ে চারটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার একটু আগে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জাহাজ কর্তৃপক্ষ সেটি পুনরায় চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। যে এলাকা দিয়ে জাহাজটি আসবে, সেটি মিয়ানমার জলসীমানায়। তাই পর্যটকেরা যাতে আতঙ্কিত না হন, তাই সেখানে কোস্টগার্ড রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি ওই এলাকায় অবস্থান করায় টেকনাফ থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে অন্য একটি জাহাজ এলসিটি কুতুবদিয়াকে যাত্রীদের উদ্ধার করতে পাঠানো হচ্ছে।

ইউএনও বলেন, পর্যটক উদ্ধার হওয়ার পর জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হলে তাঁদের টেকনাফে দমদমিয়া ঘাটে আনা হবে। সময় লাগবে আড়াই ঘণ্টার মতো।