ইঞ্জিন বিকলের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুটি ট্রেনের সূচিতে বিপর্যয় ঘটেছে। গত শনিবার কুমিল্লার সদর রসুলপুরে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়। এ কারণে চট্টলা এবং কর্ণফুলী এক্সপ্রেস দেরিতে গন্তব্যে পৌঁছে।
রেলওয়ের পাহাড়তলির নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, শনিবার সন্ধ্যা ছয়টায় কুমিল্লার সদর রসুলপুরে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। পরে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে চট্টলা এক্সপ্রেসকে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টলা এক্সপ্রেস শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে পরদিন রোববার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছে।
একই সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেস গন্তব্যে পৌঁছাতে সাড়ে নয় ঘণ্টা দেরি হয়। শনিবার রাত আটটা ২৫ মিনিটে কর্ণফুলী চট্টগ্রাম স্টেশনে পৌঁছার কথা ছিল। চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে চট্টলা এক্সপ্রেস টেনে আনার কারণে এই যাত্রীবাহী ট্রেন গতকাল ভোরে গন্তব্যে পৌঁছে।