ইঞ্জিনচালিত ভ্যান উল্টে শ্রমিক নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে শেখ আবু রায়হান (২৮) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুর–সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ থানার নেংগী গ্রামের রফিকুল শেখের ছেলে।
রায়হানের চাচা আবু মুসা জানান, আটজন শ্রমিক কাজের উদ্দেশ্যে ইঞ্জিনচালিত ভ্যানে করে শ্যামনগর যাচ্ছিলেন। পথে খানপুর এলাকায় পৌঁছে ভ্যানটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। এ সময় এমদাদুল হক (২৭) নামের অপর একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।