ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলনির্ভর প্রতিষ্ঠানগুলো অপ্রকৌশলী কর্মকর্তা দিয়ে পরিচালনা করায় দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। কর্মক্ষেত্রে প্রকৌশলীদের কাজ ও সৃজনশীলতাকে উৎসাহিত করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নেও প্রকৌশলীদের সম্পৃক্ত করা হয় না।
দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নেতারা গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম। তিনি বলেন, প্রকৌশলীরাই প্রযুক্তির ধারক ও বাহক। কিন্তু পানি, বিদ্যুৎ, গ্যাস, জলাবদ্ধতা, যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে প্রধান পদে আমলাদের নিয়োগ দেওয়া হচ্ছে। প্রকৌশল ব্যবস্থাপনাকে গতিশীল করা না হলে এ দেশে আমলাতন্ত্র আরও চেপে বসবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইইবির চেয়ারম্যান আরও বলেন, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নন। তাঁকে অন্যের পরামর্শের ওপর নির্ভর করতে হয়। এতে দেখা গেছে চট্টগ্রামের অনেক উন্নয়ন পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তা না করেই নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম, এম এ রশীদ, সম্মানীয় সম্পাদক উদয় শেখর দত্ত, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রবীর কুমার দে, কে এম সুফিয়ান প্রমুখ।