ইঞ্জিনিয়ার, ঠিকাদাররা ক্রাইম করছেন: সংসদে মইন উদ্দিন খান
জাসদের সাংসদ মইন উদ্দিন খান বাদল বলেছেন, সরকারের সব উন্নয়ন তছনছ করে দিচ্ছে সড়ক। প্রকৌশলীদের ঘুষ, ঠিকাদারের লাভ, ভ্যাট ও ট্যাক্সে ৫০ ভাগ টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রকৌশলী ও ঠিকাদাররা ক্রাইম করছেন।
আজ মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মইন উদ্দিন খান বাদল আরও বলেন, রাস্তা নির্মাণে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, তার ২৫ থেকে ৩০ শতাংশ ঘুষ দিতে হয়, ঠিকাদাররা বলেন, তাঁরা ১০ শতাংশ লাভ রাখেন। আসলে তার চেয়েও বেশি লাভ করেন। ৬ থেকে ১০ শতাংশ টাকা ভ্যাট-ট্যাক্সে যায়। ৫০ শতাংশ টাকা সড়ক নির্মাণ কাজে নিযুক্তই হয় না।
ক্ষমতাসীন জোটের এই সাংসদ বলেন, ‘ঢাকার সড়ক উন্নয়ন খাতে ৫০০ কোটি ও সারা দেশের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর ৫০ শতাংশ তছনছ হয়ে যায়। তাঁরা ক্রাইম করছেন। এটা পাপ।’ তিনি বলেন, ‘যারা প্রচণ্ড বৃষ্টির মধ্যে সীমানা রক্ষা করে, তারা দেশপ্রেমিক। যে ঠিকাদার, প্রকৌশলী ৫০ শতাংশ অর্থ তছনছ করে ফেলছে, বুঝতে হবে তারা দেশের রক্ত খেয়ে ফেলছে।’
মইন উদ্দিন খান বাদল বলেন, বিশ্বের অন্যান্য দেশ রাস্তা নির্মাণে যেসব যন্ত্রপাতির ‘এস্তেমাল’ করে, বাংলাদেশের প্রকৌশলীরা তাতে আগ্রহী নন। কারণ এসব প্রক্রিয়ায় ৫০ শতাংশ ঘুষ বন্ধ হয়ে যেতে পারে। দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী ও ঠিকাদারদের খুঁজে বের করার দাবি জানান তিনি। এ ব্যাপারে সংসদের হস্তক্ষেপও কামনা করেন।
পরে ডেপুটি স্পিকার বলেন, আপনি কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিষয়টি সংসদে আনেননি। তাই সংসদ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।