ইঞ্জিনিয়ারিং অনুষদের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। তাঁরা অবিলম্বে বিজ্ঞান অনুষদ থেকে ওই দুই বিভাগকে আলাদা অনুষদে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সিএসই ও আইসিটি বিভাগের শিক্ষার্থীরা দুপুর ১২টায় মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান। এরপর তাঁরা ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ওই দুই বিভাগকে ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান।
আন্দোলনরত সিএসই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেনের অভিযোগ, দেড় বছর ধরে তাঁরা আন্দোলন করছেন। কিন্তু প্রশাসন আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।
এ পরিস্থিতি নিয়ে বেলা একটায় আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য, বিজ্ঞান অনুষদের ডিন ও সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের সঙ্গে উপাচার্যের দপ্তরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য মো. আলী আশরাফ ও বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ সৈয়দুর রহমান প্রমুখ।
বৈঠকে শিক্ষার্থীদের জানানো হয়, আগামী ২০ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। ওই সভায় ইঞ্জিনিয়ারিং অনুষদ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে। পরে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন।
সিএসই বিভাগের প্রধান মো. আবদুল মালেক বলেন, আলাদা অনুষদ হতে এখন আর কোনো বাধা নেই।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘ইঞ্জিনিয়ারিং অনুষদ বাস্তবায়নে নীতিগত কোনো সমস্যা নেই। ২০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিষয়টির অনুমোদন দেওয়া হবে।’