চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল বুধবার দুপুরে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হননি। নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ষোলশহর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরব আলী জানান, বিশ্ববিদ্যালয় থেকে নগরমুখী ট্রেনটি গতকাল বেলা সোয়া দুইটায় ষোলশহর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানোর পর হঠাৎ করে ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় শিক্ষার্থীরা ট্রেন থেকে নামছিল। রেলওয়ের কর্মীরা দ্রুত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ট্রেনটি চালাচ্ছিলেন লোকো মাস্টার কামাল উদ্দিন। ঘটনার সময় তিনি ট্রেনের স্টিয়ারিংয়ে ছিলেন। তিনি বলেন, ইঞ্জিনের এক্সিসটর ম্যানহোল অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন ধরে যায়। এতে ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর নতুন একটি ইঞ্জিন এনে ওই ইঞ্জিনসহ ট্রেনটিকে বটতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি