ইঞ্জিনে পাখি, বিমান বিকল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইটটি বাতিল হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এসব তথ্য জানিয়েছেন।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, সকাল সোয়া সাতটায় দুবাই থেকে ওসমানীতে অবতরণ করে ফ্লাইট (বিজি-০৫২)। আধঘণ্টা পর সকাল পৌনে আটটায় ৫৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই রানওয়ের টার্মিনালে থাকা অবস্থায় ফ্লাইটটির ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। এতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, আটকে পড়া যাত্রীদের আজ বিকেল তিনটার মধ্যে বিমানের অন্য একটি ফ্লাইটে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, ওই ফ্লাইটে ঢাকার ৫৮ জন যাত্রীর মধ্যে দুবাই থেকে আসা যাত্রী ৩৯ জন এবং অভ্যন্তরীণ আকাশপথের যাত্রী ১৯ জন।