ইট চাপা পড়ে ভাটার তিন শ্রমিকের মৃত্যু
ইটভাটার শ্রমিক তাঁরা। কাজ শেষে ঘুমান ইটের পাশেই। সেই ইটের নিচে চাপা পড়েই মৃত্যু হলো তিন শ্রমিকের। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জাজিরা এলাকায় মেসার্স সুমি এন্টারপ্রাইজের এনবিএম ইটভাটায়।নিহত শ্রমিকেরা হলেন বরগুনার আমতলী উপজেলার নয়া ভাই জোড়া গ্রামের সুনীল বাবু (৪০), কৃষ্ণনগর গ্রামের আবুল খাঁর ছেলে আবদুর রহিম (২৪) ও গেকুয়া গ্রামের আবদুল খালেক (৫৫)।এনবিএম ইটভাটার শ্রমিক কবির হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো আমরা মঙ্গলবার রাত নয়টার দিকে কাজ শেষে ইটভাটায় মালিকের নির্মিত ছাপরা ঘরে ঘুমাতে যাই। রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখি ইটভাটায় প্রায় ২০ ফুট উঁচু সারিবদ্ধভাবে রাখা বিপুলসংখ্যক পোড়ানো ইট চার-পাঁচটি ছাপরা ঘরের ওপর পড়েছে। ইট সরিয়ে দেখা যায়, শ্রমিক সুনীল বাবু, আবদুর রহিম ও আবদুল খালেক আর বেঁচে নেই। আহত হন কমপক্ষে পাঁচজন শ্রমিক।’খবর পেয়ে ভোরে পুলিশ তিন শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ইটভাটার শ্রমিকেরা জানান, গতকাল বুধবার রাত আটটা পর্যন্ত নিহত ও আহত শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেননি ইটভাটার মালিক। মেসার্স সুমি এন্টারপ্রাইজের ওই ইটভাটাটি দেখভাল করেন মালিক আবদুল কাদেরের ছোট ভাই মো. নুরুদ্দীন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘সব সময় যেভাবে সারিবদ্ধভাবে রাখি সেভাবেই ইট রাখা ছিল। কীভাবে ইটগুলো পড়ে শ্রমিকেরা মারা গেলেন বুঝতে পারছি না।’ ক্ষতিপূরণ প্রসঙ্গে নুরুদ্দীন বলেন, ‘নিহত শ্রমিকদের দাফন ও সৎকারের জন্য প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়েছি। ক্ষতিপূরণের বাকি অর্থ অন্যান্য শ্রমিকদের সঙ্গে আলাপ করে দেওয়া হবে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, ইট পড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।