ইট তুলে অনিয়মের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা নির্মাণে অনিয়ম করায় ইট তুলে ফেলে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে এ ঘটনা ঘটেছে। রাস্তা নির্মাণের কাজটি করেছেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতোয়ার রহমান।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের ওই নেতা রাস্তা নির্মাণে ১ নম্বর ইটের পরিবর্তে ৩ নম্বর ইট ব্যবহার করেছেন। এ ছাড়া রাস্তাটি আট ফুট চওড়া করার কথা থাকলেও সাত ফুট করা হয়েছে। এর প্রতিবাদে গ্রামবাসী ৬০০ ফুট দীর্ঘ এই রাস্তার সব ইট গত শনিবার তুলে ফেলেছেন।
আতোয়ার রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রকল্প কমিটির সভাপতি হতে না পেরে গ্রামের লোকজন দিয়ে রাস্তার ইট তুলে ফেলেছেন। নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগ তাঁরা করেছেন, সেটা ঠিক নয়। তা ছাড়া ওই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে না। এ কারণে সাত ফুট চওড়া রাস্তাই যথেষ্ট। তাজুল ইসলাম গ্রামের লোকজন দিয়ে ইট তুলে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, যুগিহুদা গ্রামে ১৫০টি পরিবার বসবাস করে। এই গ্রামের লোকজন একটি কাঁচা রাস্তা দিয়ে ভালাইপুর পাড়ায় যাতায়াত করে। বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। এ কারণে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় রাস্তাটি পাকা করার জন্য পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়। যুগিহুদা গ্রামের বাসিন্দা ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হজরত আলীকে এই প্রকল্পের সভাপতি করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নেতা আতোয়ার রহমান চার দিন আগে থেকে শ্রমিক নিয়োগ করে কাজ শুরু করেন।
গতকাল সরেজমিনে দেখা গেছে, যুগিহুদা গ্রামের মধ্যে থেকে একটি কাঁচা রাস্তা ভালাইপুর পাড়ার দিকে চলে গেছে। এর দুই পাশে ইট পড়ে আছে। ভালাইপুর পাড়ার বাসিন্দা আবদুল হাকিম অভিযোগ করেন, রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। তা ছাড়া রাস্তা যেখানে আট ফুট চওড়া করার কথা, সেখানে তা সাত ফুট করা হয়েছে। এ কারণে এলাকাবাসী রাস্তার ইট তুলে ফেলেছেন। তাঁরা ভালো ইট আর রাস্তা আট ফুট চওড়া না করলে কাজ করতে দেবেন না।
প্রকল্প কমিটির সভাপতি হজরত আলী জানান, রাস্তাটি পাকা করার জন্য পাওয়া পাঁচ টন চাল বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। চাল বিক্রির টাকা দিয়ে আতোয়ার রহমান কাজটি করেছেন। তিনি (হজরত আলী) যেহেতু প্রকল্প কমিটির সভাপতি, সেহেতু বিষয়টি তিনিই দেখবেন এবং রাস্তার কাজ সঠিকভাবে করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, তিনি কিছুদিন আগে এখানে যোগদান করেছেন। রাস্তা নির্মাণের কাজে ১ নম্বর ইট ব্যবহার করার নিয়ম। এই নিয়ম না মানলে সরেজমিনে তদন্ত করে প্রকল্প কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।