ইট তুলে পৌরসভার রাস্তা বন্ধ করে দিলেন যুবলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভার একটি রাস্তার ইট তুলে ফেলেছেন আরিফুল ইসলাম নামে যুবলীগের এক নেতা। রাস্তার কিছু জায়গা তাঁদের পরিবারের দাবি করে গত শনি ও রোববার ইট তুলে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন তিনি। আরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ আবদুল মান্নানের খালাতো ভাই।এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া মহল্লার দক্ষিণ প্রান্তে ২৪-২৫টি পরিবারের বসবাস। রাস্তার এক পাশে আবদুর রশিদ, আবদুল জলিল ও আনার আলীর জমি, অন্য পাশে আরিফুল ইসলামের পরিবারের জমি। তাঁদের সম্মতিতে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য ২০০২ সালে পৌরসভা কর্তৃপক্ষ ইট বিছানো ৩০০ ফুট লম্বা ও ছয় ফুট চওড়া রাস্তাটি তৈরি করে দেয়। এর পর থেকে লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। বলিদাপাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। আর রায়গ্রামের মানুষ এই সড়ক দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে ওঠেন।নাম প্রকাশ না করার শর্তে বলিদাপাড়ার এক বাসিন্দা জানান, চলাচলের সুবিধার্থে উভয় পাশের জমির মালিকেরা জমি ছাড়লে পৌরসভা ২০০২ সালে রাস্তাটি তৈরি করে। তখন আরিফুল ইসলাম বা তাঁর পরিবারের কেউ আপত্তি করেননি।আরিফুল ইসলাম বলেন, তাঁদের জমির ওপর দিয়ে হবে কেন? এত দিন পর রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে সময় জোর করে জমি নিয়ে এই রাস্তা করা হয়েছিল। তখন তাঁর পরিবার প্রতিবাদ করতে পারেনি। এখন তাঁরা তাঁদের জায়গা ফেরত নিচ্ছেন।পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, মহল্লায় বসবাসের স্বার্থে উভয় পাশের লোকেরা রাস্তার জন্য জমি ছাড়ার পর পৌরসভা সেখানে রাস্তা করে দিয়েছে। ওই রাস্তা এখন পৌরসভার। আর একবার পাকা রাস্তা হয়ে গেলে সেটা বন্ধ করে দেওয়া যায় না। এখানে বিষয়টি নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। তিনি বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন।