ইট তুলে বছর পার, হচ্ছে না সংস্কার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ফতেহনগর গ্রামের অ্যাডভোকেট বদিউল আলম সড়কের ইট তুলে এক বছর ধরে কাজ ফেলে রাখা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চালাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থ বরাদ্দ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ফতেহনগর বড়ুয়াপাড়া থেকে বদিউল আলমের পুরোনো বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ২০১০-১১ অর্থবছর দরপত্র আহ্বান করে। এতে সড়ক মেরামতের বরাদ্দ ছিল ২২ লাখ টাকা। মেসার্স খাজা আজমীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফার্ম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। কার্যাদেশ পাওয়ার পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১১ সালে সড়কের পুরোনো ইট তুলে নেয়। পরে প্রতিষ্ঠানটি সড়কের কিছু অংশ বালু ও ইটের খোয়া দিয়ে পূর্ণ করে বাকি অংশের কাজ ফেলে রাখে। প্রায় এক বছর ধরে কাজ ফেলে রাখায় এখন বিভিন্ন অংশে ইটের খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ বন্ধ রেখেছে।