ইট তৈরি না করার হুমকি দুই জেলার ভাটামালিকদের
অবৈধ চিমনি ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ না নিলে ইট তৈরি বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে উচ্চ আদালতে রিট করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতারা এই হুমকি দেন। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, মেহেরপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন রেজাসহ প্রায় ৫০ জন ইটভাটা মালিক।সম্মেলনে ইটভাটা মালিকেরা জানান, গত বছর কুষ্টিয়ায় অবৈধভাবে টিনের চিমনির ৪৫টি ইটভাটা রাজস্ব ফাঁকি দিয়ে ইট তৈরি করেছিল। এর ফলে বৈধ মালিকেরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। প্রশাসনকে জানালেও তা বন্ধে কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারও যদি এমনটি হয়, তবে তাঁরা ইট তৈরি থেকে বিরত থাকবেন। ইতিমধ্যে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছে।