ইট তৈরিতে টিলার মাটি, পোড়াতে বনের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে অন্তত ছয়টি ইটভাটা। অনেক ভাটায় টিলার মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। আবার পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে বনের গাছ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য জেলায় নতুনভাবে ইটভাটা স্থাপনের সুযোগ নেই। পুরোনোগুলোরও সরকারি নিয়ম মেনে চলতে হবে। কিন্তু পাহাড়ি এলাকায় সরকারি বিভিন্ন অবকাঠামো তৈরিতে প্রচুর ইট দরকার হয়। বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসন আইন কিছুটা শিথিল করে কেবল যাঁদের হালনাগাদ নবায়নকৃত অনুমোদনপত্র (লাইসেন্স) আছে, তাঁদের ইটভাটা তৈরির অনুমতি দিয়েছে। তবে এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। ভাটার মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও কাঠ পোড়ানো ও টিলা কাটা বন্ধ করা যাচ্ছে না। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জহিরুল আলম বলেন, উপজেলার সব ইটভাটাই অবৈধ। একটিরও ছাড়পত্র নবায়ন হয়নি। আবার বেশ কয়েকটি ভাটা রয়েছে, যেগুলোর অনুকূলে কোনো কাগজপত্রই নেই। অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে জেলা ও উপজেলা প্রশাসন। রেঞ্জ কর্মকর্তাদের বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সহযোগিতা করতে।খোঁজ নিয়ে জানা যায়, অবৈধভাবে গড়ে তোলা ইটভাটাগুলো হলো: উপজেলার কামিনী মেম্বারপাড়ায় এমএমবি, আরবিএম, কেবিএম, পুরানবাজারে এফআরটি ও কেএইচবি এবং আদর্শ গ্রামে এমবিএম। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বড় ভাটায় এক রাউন্ডে পাঁচ লাখ ইট তৈরি হয়। এতে পোড়ানো হয় ১২ হাজার মণ লাকড়ি। কমপক্ষে সাত রাউন্ড ইট পোড়াতে প্রতি ভাটায় ৮৪ হাজার মণ লাকড়ি প্রয়োজন। সরেজমিনে দেখা গেছে, সবগুলো ভাটায় কাঠ জ্বলছে, অধিকাংশই আবাসিক এলাকায় স্থাপিত। ইট তৈরিতে ব্যবহার করছে কৃষিজ জমির উর্বর মাটি। ৩০-৪০ ফুট উঁচু চিমনি ব্যবহার করায় কালো ধোঁয়া ওপরে না গিয়ে ছড়িয়ে পড়ছে জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে। ফলে গাছপালার রং বিবর্ণ হয়ে মারা যাচ্ছে। স্থানীয় অধিবাসীরা আক্রান্ত হচ্ছে নানা রোগে।