ইট পুড়ছে বন, লোকালয় ও হাসপাতালের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বনের পাশে চারটি ইটভাটা রয়েছে। লোকালয় ও কৃষিজমিতে আছে আরও ২৪টি ইটভাটা। এ ছাড়া সংরক্ষিত বন, হাসপাতাল ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে নতুন একটি ইটভাটা। এটির মালিক দুজন। একজন বিএনপির নেতা, অপরজন আওয়ামী লীগের নেত্রী। ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, উপজেলা সদরের সীমানা থেকে তিন কিলোমিটার, আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং বনের পাশে কোনো ইটভাটা থাকতে পারবে না।এদিকে, গত ২৪ ডিসেম্বর রামুর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর অভিযোগে চারটি ইটভাটাকে দুই লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।বনের পাশের চার ইটভাটা: খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের সামাজিক বনায়ন রয়েছে। এর পাশ দিয়ে চলে গেছে কক্সবাজার-টেকনাফ সড়ক। সড়ক ও বনের ১০০ গজের মধ্যে স্থাপন করা হয়েছে চারটি ইটভাটা। এগুলো হলো: মোস্তাক আহম্মদের এসএসবি ব্রিকস, শফিকুর রহমান চৌধুরীর কেএমসি, শাহা আলমের এমআরসি, ছাবের আহম্মদের এসবিএ ইটভাটা। চারটি ভাটাতেই কাঠ পুড়িয়ে ইট তৈরির কাজ চলছে।মোস্তাক আহম্মদ দাবি করেন, তাঁর ভাটাটি পরিবেশবান্ধব। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নবায়নকৃত লাইসেন্স—সবই তাঁর আছে। বনের পাশে ইটভাটা কেন করলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘যেখানে জায়গা পেয়েছি, সেখানে করেছি। প্রশাসন দেখেশুনেই অনুমোদন দিয়েছে।’বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বদরুল আলম জানান, এসব ইটভাটার মাত্র ১০০ গজ দূরেই বন বিভাগের সামাজিক বনায়নের আকাশমণি বাগান। ইটভাটার কারণে বন, পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।হাসপাতালের পাশে ইটভাটা: খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় রাবেতা হাসপাতাল। এর পশ্চিমে কয়েক শ গজের মধ্যে একটি ইটভাটা স্থাপনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে সেখানে ইট তৈরির কাজ চলছে। অথচ এর পাশেই রয়েছে রাবেতা ক্যাডেট মাদ্রাসা, আল ফুয়াদ একাডেমি উচ্চবিদ্যালয়, আল ফুয়াদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও আল ফুয়াদ বালিকা মাদ্রাসাসহ আটটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং অসংখ্য বাড়িঘর। এর আধ কিলোমিটার দূরে রয়েছে সামাজিক বনায়নের বাগান, পাহাড় ও ব্যক্তিমালিকানাধীন ফলদ ও বনজ বাগান। এ ভাটার মালিক উখিয়া মহিলা আওয়ামী লীগের নেত্রী খুরশিদা করিম ও রাঙামাটি জেলা বিএনপির অর্থ সম্পাদক আমির মো. ছাবের। আমির মো. ছাবের দাবি করেন, ‘লাইসেন্সের বিষয়টি প্রক্রিয়াধীন। ভাটা তৈরির পর লাইসেন্সের কাজ শুরু করতে হয়। তাই আগেই ভাটা তৈরির কাজ শুরু করেছি।’ এ ব্যাপারে গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘পাহাড় ও বনের পাশে বিএনপি নেতার ইটভাটা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।লোকালয় ও কৃষিজমিতে ভাটা: উপজেলার সদর (ফতেখাঁরকুল) ইউনিয়নে ১৪টি, চাকমারকুল ইউনিয়নে আটটি, রশিদনগরে একটি এবং জোয়ারিয়ানালায় একটিসহ মোট ২৪টি ইটভাটা স্থাপন করা হয়েছে। সব কটি ভাটাই উর্বর কৃষিজমি ও লোকালয়ের মধ্যে গড়ে উঠেছে। বেশির ভাগ ইটভাটাই উপজেলা সদরের দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত। সব কটি ভাটাতেই ইট তৈরির কাজ চলছে। এর মধ্যে ফতেখাঁরকুলের হাবিবুল হকের এফকেবি, চাকমারকুলের শফিউল হক চৌধুরীর এমএক্সবি, আবুল হোসেনের জেডএইচটি ও মোস্তফার এমকে ব্রিকসের কোনো অনুমোদন নেই বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য: উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন জানান, প্রতিটি ভাটায় প্রায় আট একর করে জমি লাগে। সে হিসাবে রামুতে প্রায় ২৫০ একর ধানিজমি ইটভাটার দখলে আছে। এসব জমি কৃষিকাজে ব্যবহার হলে রামুতে আরও ৫০ লাখ টাকার ধান উৎপাদন হতো। রামুর ইটভাটা মালিক সমিতির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন দাবি করেন, কোনো ইটভাটাতেই কাঠ পোড়ানো হয় না। তিনি বলেন, ‘বর্তমানে কাঠ কয়লার চেয়ে দুর্লভ হয়ে গেছে। এ অবস্থায় কাঠ পোড়ানোর প্রশ্নই আসে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র পাওয়ার পর জেলা প্রশাসক ইটভাটার লাইসেন্স দেন। লাইসেন্স বাতিলের ক্ষমতাও তাঁর। আমি তাঁর প্রতিনিধি হিসেবে মাঝেমধ্যে ইটভাটা পরিদর্শন করি।’ অনুমোদনহীন চারটি ভাটায় ইট পোড়ানোর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এসব ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।