ইট ফেলে কালীগঞ্জ-বাঘাডাঙ্গা সড়ক চালু করার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙাচোরা রাস্তায় ইট ফেলেও গাড়ি চালাতে পারছেন না পরিবহন-মালিক ও শ্রমিকেরা। গত এক সপ্তাহ বাস চলাচল বন্ধ থাকার পর কালীগঞ্জ-বাঘাডাঙ্গা ভায়া মহেশপুর সড়কে ঝুঁকি নিয়ে কিছু গাড়ি চলাচল করছে। শ্রমিকেরা বলছেন, দ্রুত সংস্কার না করলে আবারও যান চলাচল বন্ধ হয়ে যাবে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহর থেকে বাঘাডাঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার পাকা সড়কের বর্তমানে এই করুণ অবস্থা। এলজিইডির আওতাভুক্ত এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বড় গাড়িগুলো চলাচল করতে পারছে না। ভ্যান-রিকশা, নছিমন-করিমনসহ অন্য গাড়িগুলো চলছে ঝুঁকি নিয়ে। মহেশপুর উপজেলা মোটর মালিক সমিতির সদস্য মিজানুর রহমান জানান, মহেশপুর শহর থেকে বাঘাডাঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের সস্তারবাজার, দারিয়াপুর, তরফদারমোড়সহ অসংখ্য স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব জায়গায় গাড়ি পার হওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে ১৭ আগস্ট থেকে তাঁরা বাস চলাচল বন্ধ রাখেন। এরপর যাত্রীদের কথা চিন্তা করে নিজেরা গর্তগুলোতে ইট ফেলে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেছেন। এভাবে ২৫ আগস্ট থেকে আবার বাস চালানো শুরু করলেও ঝুঁকি থাকায় সবাই গাড়ি চালাচ্ছেন না। দারিয়াপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান জানান, জেলা শহরের সঙ্গে যোগাযোগের প্রধান এই সড়কটি বেশ কিছুদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। দুই-চারটি গাড়ি চললেও বেশির ভাগ বন্ধ রয়েছে। এতে তাঁদের মতো সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। মহেশপুর বাসস্ট্যান্ডে গিয়ে গত শুক্রবার দুপুরে দেখা যায়, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা গাড়িগুলো মহেশপুর শহর থেকে ফেরত যাচ্ছে। সীমান্ত পর্যন্ত তাঁরা যাচ্ছেন না। কথা হয় বাসচালক বাবলুর রহমানের সঙ্গে। তিনি জানান, যখন রাস্তা ভালো ছিল তখন তাঁরা বাঘাডাঙ্গা পর্যন্ত যেতেন। কিন্তু এখন খারাপ হওয়ায় মহেশপুর থেকে ফিরে যাচ্ছেন। এতে তাঁরা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝিনাইদহ এলজিইডির সহকারী প্রকৌশলী এনামুল কবির জানান, ওই সড়কটি সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আশা করছেন অল্প দিনের মধ্যে সংস্কারকাজ শুরু হবে।